বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে এল পাকিস্তান, সুবিধা করে দিল ভারতকেও
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে এল পাকিস্তান, সুবিধা করে দিল ভারতকেও
শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্টে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। চার উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে বাবর আজমের দল। যার ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে এক ধাপ উপরে উঠে তৃতীয় স্থানে জায়গা করে নিল পাকিস্তান (৫৮.৩৩ শতাংশ)। প্রতিবেশী দেশের দুরন্ত জয়ের সুবাদে সুবিধা পেল ভারতও। এক ধাপ উপরে উঠে পাঁচ নম্বর থেকে চার নম্বরে জায়গা করে নিল টিম ইন্ডিয়া (৫২.০৮ শতাংশ)। পাঁচ নম্বরে উঠে এল ওয়েস্ট ইন্ডিজ (৫০ শতাংশ)। এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩ শতাংশ) এবং অস্ট্রেলিয়া (৭০ শতাংশ)।

দ্বিতীয় তথা শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ফের হারিয়ে পাকিস্তান যদি সিরিজ জিততে পারে তা হলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থক্য কমিয়ে আনবে পাকিস্তান। অপর দিকে, দ্বিতীয় টেস্ট জিতে যদি শ্রীলঙ্কা সিরিজ বাঁচাতে পারে তা হলে ফের তৃতীয় স্থানে উঠে আসবে তারা। ৩৩.৩৩ শতাংশ, ২৫.৯৩ শতাংশ এবং ১৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে শেষ তিনটি স্থানে রয়েছে যতাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে অগস্ট মাসে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজ জিতে পয়েন্ট তালিকায় উন্নতি করাই লক্ষ থাকবে বেন স্টোকসের দলের। ব্রেন্ডন ম্যাকালাম কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর এখনও একটি টেস্ট ম্যাচও হারেনি ইংল্যান্ড চারটি টেস্টের চারটিতেই জিতেছে তারা।
এর মধ্যে রয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ এবং ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট জিতে সিরিজে হার বাঁচানো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সাইকেলে প্রথম দুই স্থানে শেষ করেছিল নিউজিল্যান্ড এবং ভারত। সাউদাম্পটনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পরাজিত করে প্রথম বার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেয় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড।
গল টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা তোলে ২২২ রান, আয়োজক দেশের হয়ো সর্বোচ্চ ৭৬ রান করেন দীনেশ চান্ডিমল। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হল ২১৮ রানে, ১১৯ রানে অসাধারণ ইনিংস খেলেন পাক অধিনায়ক বাবর আজম। শ্রীলঙ্কার হয়ে পাঁচ উইকেট পান প্রবথ জয়সূর্য। চণ্ডিমলের অপরাজিত ৯৪, কুশল মেন্ডিসের ৭৬, ওসাদে ফার্নান্দোর ৬৪ রানের সৌজন্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে তোলে ৩৩৭ রান। মহম্মদ নাওয়াজ নেন পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট এবং তিন উইকেট নেন ইয়াশির শাহ। নিজেদের দ্বিতীয় ইনিংসে আবদুল্লা সাফিকের অপরাজিত ১৬০ রানের সৌজন্যে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে চার উইকেট পান প্রবথ জয়সূর্য।












Click it and Unblock the Notifications