আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অনলাইন হেড কোচ! মিকি আর্থার কোন দেশের হয়ে ইতিহাস গড়তে পারেন?
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অনলাইন হেড কোচের ভাবনা। মিকি আর্থার নজির গড়তে পারেন। কোন দেশের হয়ে?
ক্রিকেটে অনলাইন কোচিং! তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটে! পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি সত্যি হলে এবার তেমনটাই হতে চলেছে। সাকলিন মুস্তাক এখন পাকিস্তানের হেড কোচ। তাঁর সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষের দিকে। সাকলিনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে জোরালোভাবে উঠে এসেছে মিকি আর্থারের নাম।

মিকি আর্থার এর আগেও পাকিস্তানের হেড কোচ ছিলেন। কিছুদিন আগে পাকিস্তানের সংবাদমাধ্যমই দাবি করেছিল, আর্থার বাবরদের কোচিং করাতে নাকি আগ্রহী নন। তবে নাজম শেঠি পিসিবি চেয়ারম্যান হওয়ার পর থেকেই আর্থারকে রাজি করাতে মরিয়া। কয়েকটি মিডিয়ার দাবি, অবশেষে নাকি আর্থারের সম্মতি আদায় করতে পেরেছেন নাজম শেঠিরা। কিন্তু আর্থার আরোপ করেছেন কয়েকটি শর্ত। আর সেখানেই রয়েছে চমক। অভিনব বিষয়টি হলো, আর্থার অনলাইনে কোচিং করানোর প্রস্তাবের শর্ত দিয়েছেন।
প্রশ্ন জাগতেই পারে কোচিংয়ের এই অভিনব পন্থা নিয়া। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি, মিকি পাকিস্তান দলের সঙ্গে প্রতিটি সফরে যাবেন না। যে গুরুত্বপূর্ণ সফরগুলিতে প্রয়োজন মনে করবেন তখন সশরীরে দলের সঙ্গে থাকবেন। বাকি সময় কোচিং করাবেন অনলাইনে। বেশিরভাগ অনলাইনেই তিনি কোচিং করাবেন বলে নাকি মিকি আর্থার পিসিবি কর্তাদের প্রস্তাব দিয়েছেন। ফলে তিনি পাকিস্তান দলের ফুল-টাইম কোচ হবেন, নাকি শর্তসাপেক্ষে কোনও বিশেষ চুক্তি সম্পাদিত হবে, সে বিষয়ে এখনও নিশ্চয়তা মেলেনি। যদিও গত সপ্তাহে নাজম শেঠি দাবি করেছিলেন, আর্থারের সঙ্গে কথাবার্তা চলছে। চুক্তির বিষয়ের ৯০ শতাংশই চূড়ান্ত হয়ে গিয়েছে।
২০২১ সালে টি ২০ বিশ্বকাপের আগে মিসবা উল হক ও ওয়াকার ইউনিস পদত্যাগ করায় রামিজ রাজার নেতৃত্বাধীন পিসিবি হেড কোচ করেছিল সাকলিনকে। পরপর দুটি টি ২০ বিশ্বকাপে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দলের সঙ্গে ছিলেন ম্যাথু হেডেন। ২০২১ সালেই আর্থার শ্রীলঙ্কার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ইংল্যান্ডের কাউন্টি ডার্বিশায়ারের হেড অব ক্রিকেট পদে বসেন। সেই চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। যদিও পাক সংবাদমাধ্যমের দাবি, আর্থারই পাকিস্তানের হেড কোচ হবেন। সেক্ষেত্রে অনলাইন কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়া নজির গড়বেন। ভারতে বিশ্বকাপের সময় আর্থার পাকিস্তান দলের সঙ্গে থাকবেন বলেও জানা যাচ্ছে। পাকিস্তানের আপাতত কোনও আন্তর্জাতিক ক্রিকেট নেই। এপ্রিলে সাদা বলের সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগেই আর্থারকে পাওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলতে পারেন পিসিবি কর্তারা।












Click it and Unblock the Notifications