বিক্ষুব্ধ আমিরকে ছেড়েই দিল পিসিবি! ফাস্ট বোলারের অবসর মঞ্জুর!
বিক্ষুব্ধ আমিরকে ছেড়েই দিল পিসিবি! ফাস্ট বোলারের অবসর মঞ্জুর!
পাকিস্তান ক্রিকেট দলের ম্যানজমেন্টের বিরুদ্ধে তাঁর ওপর মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন বাঁ-হাতি ফাস্ট বোলার মহম্মদ আমির। সেই হেতু আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানানোরও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পাকিস্তানি ক্রিকেটার। সেই সিদ্ধান্ত মেনেও নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি।

বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি-র চিফ এগজিকিউটিভ ওয়াসিম খানকে নিজের সিদ্ধান্তের কথা জানান মহম্মদ আমির। বলেন যে আগামী দিনে তিনি আর পাকিস্তান ক্রিকেট দলের সদস্য হতে চান না। তাঁকে বাদ দিয়েই পাকিস্তান নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের রূপরেখা তৈরি করুক, সে কথাও পিসিবি-র চিফ এগজিকিউটিভকে জানিয়ে দেন আমির।
ফাস্ট বোলার মহম্মদ আমিরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তা মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে আমিরকে বিদায় জানান ওয়াসিম খানরা। তবে এই ইস্যুতে বাড়তি কোনও কথা বলতে রাজি হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ঘোষণার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এক ভিডিও-তে রীতিমতো বোমা ফাটিয়েছেন মহম্মদ আমির।
Here is Pakistani fast bowler @iamamirofficial announcing retirement from international cricket as protest against Pak team management’s behaviour. he was talking to me pic.twitter.com/TMC2LDEZHb
— Shoaib Jatt (@Shoaib_Jatt) December 17, 2020
ওই ভিডিও-তে আমির পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তাঁর ওপর মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। তাঁর কথায়, পদে পদে তাঁকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন আমির। জানিয়েছেন, স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হয়ে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তাঁকে এমনিতেই মানসিক ধাক্কা সহ্য করতে হয়েছিল। কিন্তু বর্তমানে তাঁকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, তা তিনি মেনে নেবেন না বলেও জানিয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার।
উল্লেখ্য ২০১৯ সালেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২৯ বছরের মহম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে আরো সীমিত ওভারের ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার। কিন্তু শ্রীলঙ্কা সফররত পাকিস্তানের ৩৫ জনের দল থেকে বাদ পড়ে কার্যত অপমানিত হয়েই পাকাপাকি ভাবে খেলা ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নেন আমির।












Click it and Unblock the Notifications