শাহিন দাপটে চুরমার ওয়েস্ট ইন্ডিজ, টেস্ট সিরিজে সমতা ফেরাল বাবরের পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্ট হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে দ্বিতীয় টেস্ট হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান। শাহিন আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ের দাপটে চুরমার হল ক্যারিবিয়ানরা। ১০৯ রানে দ্বিতীয় টেস্ট জিতল বাবর আজমের দল। চতুর্থ ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল ওয়েস্ট ইন্ডিজকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ফলাফলে অমীমাংসিতভাবে শেষ হল।

সাবিনা পার্কে হওয়া ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩০২ রান তুলেছিল পাকিস্তান। ১২৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ফওয়াদ আলম। ১৭টি চার এসেছিল তাঁর ব্যাট থেকে। ৭৫ রান করেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১৩টি চার এসেছিল তাঁর ব্যাট থেকে। পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা ওই ইনিংসে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নিয়েছিলেন কেমার রোচ ও জায়দেন সেলেস।
জবাবে প্রথম ইনিংসে বিপুল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করতে সক্ষম হয়েছিলেন কুরমা বোনের। ৩৩ রান এসেছিল জেরমাইব ব্ল্যাকউডের ব্যাট থেকে। ২৬ রান করেছিলেন জেসন হোল্ডার। পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদির দাপটে তছনছ হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের সব পরিকল্পনা। ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল হোম টিম। ওই ইনিংসে ৬ উইকেট নেন বাঁ-হাতি ফাস্ট বোলার। তিন উইকেট নেন মহম্মদ আব্বাস। এক উইকেট নেন ফাহিম আশরফ।
Pakistan win by 109 runs and level the series 👏
— ICC (@ICC) August 24, 2021
Shaheen Afridi finishes the match with career-best Test figures of 10/94. #WTC23 | #WIvPAK | https://t.co/MXEhzUVmcv pic.twitter.com/LvHVqPQaMn
দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান আসেনি কোনও পাক ব্যাটসম্যানের ব্যাট থেকে। পাঁচটি চার সহযোগে সবোচ্চ ৩৭ রান করেন ওপেনার ইমরান বাট। ৩৩ রান করেন অধিনায়ক বাবর আজম। একটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ম্যাচের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩২৯ রানের লক্ষ্য দেন বাবর আজমরা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও আলজাররি জোসেফ।
ম্যাচের চতুর্থ ইনিংসে শাহিন আফ্রিদির দাপটে চুরমার হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার। ঘরের মাঠে ২১৯ রানে অল আউট হয়ে যান ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন জেসন হোল্ডার। পাঁচটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৩৯ রান করেন অধিনায়ক তথা ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন। ৩ উইকেট নেন নাউমান আলি। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া শাহিন আফ্রিদিকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications