ভারতীয় পেসারদের দাপট, ফের ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার
বিরাট কোহলির অতি-মানবিক ব্যাটিং-র পর বল হাতে ঝড় তুললেন ভারতীয় পেসার উমেশ যাদব ও মহম্মদ শামি। তাঁদের দাপটে পুনেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষবেলায় তিন উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা।
বিরাট কোহলির অতি-মানবিক ব্যাটিং-র পর বল হাতে ঝড় তুললেন ভারতীয় পেসার উমেশ যাদব ও মহম্মদ শামি। তাঁদের দাপটে পুনেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষবেলায় তিন উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ভারতের পাহাড় প্রমাণ ৬০১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রোটিয়া শিবিরের স্কোর বোর্ডে যোগ হয়েছে মাত্র ৩৬ রান।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দিন ভারতের হয়ে শতরান করেন মায়াঙ্ক আগরওয়াল। অর্ধ শতরান করেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৩৩৬ বলে ২৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। বিরাটকে যোগ্য সঙ্গত দেন দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে (৫৯) ও ৯ রানের জন্য শতরান মিস করা রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৬০১ রান তোলে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন পেসার কাগিসো রাবাডা।
জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার (৬) ও এইডেন মার্করামকে (০) সাজঘরের রাস্তা দেখান দীর্ঘদিন পর ভারতীয় জার্সিতে টেস্ট খেলতে নামা উমেশ যাদব । ভাইজাকে টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মহম্মদ শামি, প্রোটিয়া ব্যাটসম্যান টেম্বা মাভুবাকে আউট করেন। ক্রিজে রয়েছেন থেউনিস ডে ব্রুইন (২০) ও নাইট ওয়াচ-ম্যান আনরিচ নর্টজে (২)।












Click it and Unblock the Notifications