ICC Test Team of Year: বর্ষসেরা টেস্টে দলে স্থানই হল না রোহিত-বিরাটের, ভারতীয় দল থেকে সুযোগ পেলেন কারা?
আইসিসি একদিনের বর্ষসেরা দলে ভারতীয়রা দাপট দেখালেও, টেস্ট ক্রিকেটে আবার অন্য চিত্র। বর্ষসেরা একদিনের দল ঘোষণার দিনেই বছরের সেরা টেস্ট একাদশও ঘোষণা করল আইসিসি। তবে টেস্টের বর্ষসেরা দলে অস্ট্রেলিয়ানদের দাদাগিরি। এই দলে সুযোগ পেয়েছেন পাঁচজন অজি ক্রিকেটার। সেখান ভারত থেকে প্রতিনিধি মাত্র ২। তাও রোহিত-বিরাটও নেই।
একদিনের দলে সুযোগ পেলেও ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্ম টেস্টের বর্ষসেরা দলে সুযোগ পেতে ব্যর্থ হয়েছেন। এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এছাড়াও অস্ট্রেলিয়ার দল থেকে আছেন উসমান খোয়াজা, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক। ভারতের অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং স্পিনার আর অশ্বিন আছেন দলে।

গতবছরে অস্ট্রেলিয়া দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতায় মোট ৫ জন অজি তারকাদের নিয়ে গড়ে তোলা হয়েছে টেস্ট দলটি। যদিও তারা সারা বছরে বেশ ভালোই টেস্ট ক্রিকেট খেলেছেন। অজি অধিনায়ক প্যাট কামিন্সকে বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হিসাবে মনোনীত করেছে আইসিসি।
তাঁর নেতৃত্বেই ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। কামিন্সের নেতৃত্বেই ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ঘরে তুলেছিল। অ্যাশেজ সিরিজও ২০২৩ সালে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে টেস্টেও দাপুটে পারফরম্যান্স করে অজিরা, তার প্রভাব দেখা গেল আইসিসির সেরা টেস্ট দলেও।
দুই ওপেনার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা ও শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নেকে। জো রুটের সঙ্গে দলে আছেন কিউই তারকা কেন উইলিয়ামসনও। একদিনের মত টেস্ট দলেও জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এছাড়া উইকেটরক্ষক হিসাবে আছেন তাঁরই সতীর্থ অ্যালেক্স ক্যারি। অল রাউন্ডার বিভাগে ভারতীয় প্রতিনিধি জাদেজা। টেস্টের এক নম্বর বোলার অশ্বিনও এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
আইসিসির ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত বর্ষসেরা টেস্ট দলের আরেকটি বিশেষ উল্লেখযোগ্য দিক হলো স্টুয়ার্ট ব্রডের জায়গা পাওয়া। গত জুলাইয়ে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। অবশ্য বছরের ওই সময়ের মধ্যে সেরাদের দলে জায়গা করে নেওয়ার মতো কাজ করে ফেলেন ব্রড।
বর্ষসেরা টেস্ট একাদশ: উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া), দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), আলেক্স কারি (অস্ট্রেলিয়া), প্যাট কামিন্স (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক ((অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।












Click it and Unblock the Notifications