NZ vs ENG: সচিনের রেকর্ড ভাঙলেন রুট! ইংল্যান্ডের কাছে হার নিউজিল্যান্ডের, WTC ফাইনালে ওঠার লড়াই ত্রিমুখী
NZ vs ENG: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াই কার্যত ত্রিমুখী হয়ে দাঁড়াল। ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে কোনও ২টি দলই জুনে লর্ডসে ফাইনাল খেলবে।
ভারতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা নিউজিল্যান্ড ঘরের মাঠে প্রথম টেস্টেই মুখ থুবড়ে পড়ল। ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের কাছে হারল ৮ উইকেটে।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৪৮ রানের জবাবে ইংল্যান্ড তুলেছিল ৪৯৯ রান। গতকাল টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১৫৫। আজ কিউয়িদের ইনিংস শেষ হয় ২৫৪ রানে।
ড্যারিল মিচেল ১২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৬৭ বলে সর্বাধিক ৮৪ রান করলেন। চারটি মেডেন-সহ ১৯.১ ওভারে ৪২ রান দিয়ে ৬ উইকেট নেন ব্রাইডন কার্স। প্রথম ইনিংসে তিনি চার উইকেট নেন। ম্যাচের সেরাও হলেন কার্স। ক্রিস ওকস তিনটি ও গাস অ্যাটকিনসন ১টি উইকেট পান।
ইংল্যান্ডের জেতার জন্য প্রয়োজন ছিল ১০৪ রান। ১২.৪ ওভারে মাত্র ২ উইকেট খুইয়ে জয় ছিনিয়ে নেয় বেন স্টোকসের দল। তিনে নামা জ্যাকব বেঠেল ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। জো রুট অপরাজিত থাকেন ১৫ বলে ২৫ রানে, তিনটি চারের পাশাপাশি একটি ছয়ও মেরেছেন। জ্যাক ক্রলি ১ ও বেন ডাকেট ২৭ রান করেন।
রুটের ছক্কাতেই ইংল্যান্ডের স্কোর ১০০ পার করে। চলতি বছর টেস্টে এটি রুটের দ্বিতীয় ছক্কা। এর আগে, বিশাখাপত্তনম টেস্টে ভারতের বিরুদ্ধে একটি ছয় মেরেছিলেন। গত বছর টেস্ট ক্রিকেটে রুটের ব্যাট থেকে এসেছিল ১৫টি ছয়।
এদিনের ইনিংসের খেলার ফাঁকে সচিন তেন্ডুলকরের একটি রেকর্ড ভাঙলেন রুট। টেস্টে চতুর্থ ইনিংসে তিনিই আপাতত সর্বাধিক রান সংগ্রহকারী। সচিন ৭৪টি টেস্টে ৬০টি ইনিংসে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১৬২৫ রান করেছিলেন। তিনটি শতরান ও সাতটি অর্ধশতরান-সহ।
সচিনকে দুইয়ে নামিয়ে এই তালিকার শীর্ষে চলে এলেন রুট। ৫৬টি টেস্টে ৪৯তম ইনিংসের পর তাঁর সংগ্রহে ১৬৩০ রান, ২টি শতরান ও ৮টি অর্ধশতরান রয়েছে। সচিন অপরাজিত থেকেছেন ১৬ বার, রুট ১০ বার। সচিন টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে তিনবার ও রুট ২ বার শূন্যে আউট। রুটের গড় ৪১.৭৯, সচিনের ৩৬.৯৩।
এই টেস্ট জেতায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ড ছয়েই রইল। পার্সেন্টেজ অব পয়েন্টস ৪৩.৭৫। নিউজিল্যান্ড ফাইনালে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকে গেল। তাদের আর দুটি টেস্ট বাকি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই।
নিউজিল্যান্ডের পার্সেন্টেজ অব পয়েন্টস বা সাফল্যের শতকরা হার কমে হলো ৫০ শতাংশ, তারা রয়েছে চারে। একই পার্সেন্টেজ অব পয়েন্টস নিয়ে পাঁচে শ্রীলঙ্কা। শীর্ষে থাকা ভারতের পার্সেন্টেজ অব পয়েন্টস ৬১.১১। দক্ষিণ আফ্রিকার ৫৯.২৬ ও অস্ট্রেলিয়ার ৫৭.৬৯।












Click it and Unblock the Notifications