চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই কোহলির হাত থেকে কেড়ে নেওয়া হল এই ক্ষমতা!
সম্ভবত ক্ষমতা খর্ব হতে চলেছে বর্তমান ভারত অধিনায়কের। ভারতের কোচ বাছাইয়ের ক্ষেত্রে সম্ভবত কোহলির হাতে বিশেষ ক্ষমতা বা ভেটো থাকবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারতীয় ক্রিকেট আকাশে কালো মেঘ জমতে শুরু করেছিল। দল ইংল্যান্ডে পৌঁছনোর পরই ফলাও করে খবর বেরতে শুরু করে যে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও কোচ অনিল কুম্বলের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। কুম্বলের কোচিং স্টাইল পছন্দ নয়, তাই তাঁকে কোচ হিসাবে চাইছেন না কোহলি সহ অনেকেই।
আর এই খবরে সরগরম ক্রিকেট বিশ্ব। কুম্বলের চুক্তি শেষ হচ্ছে আগামী ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। আর তারপরই নিয়মানুযায়ী নতুন ভারতীয় কোচ বাছা হবে। অথবা কুম্বলেকেই নতুন করে নিয়োগ করা হবে।
কোচ বাছাইয়ে এতদিন ভারতীয় দলের অধিনায়কের মত সবসময় যাচাই করা হতো। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন গ্রেগ চ্যাপেলকে এনেছিলেন। মহেন্দ্র সিং ধোনির আমলে যেমন দারুণ কাজ করেন গ্য়ারি কার্স্টেন। তেমনই বিরাট কোহলিও রবি শাস্ত্রীর সঙ্গে একবছর ভালো কাজ করেছেন।
তবে এবার কুম্বলে অধ্যায়ের পর সম্ভবত ক্ষমতা খর্ব হতে চলেছে বর্তমান ভারত অধিনায়কের। ভারতের কোচ বাছাইয়ের ক্ষেত্রে সম্ভবত কোহলির হাতে বিশেষ ক্ষমতা বা ভেটো থাকবে না।
এবছর পুরো সিদ্ধান্তই নেবে ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। এবং এই সিদ্ধান্ত ক্রিকেট প্রশাসক কমিটির তরফে বিনোদ রাই নাকি সবাইকে জানিয়েও দিয়েছেন।
বোর্ড সূত্র বলছে, কোহলি কোচ বাছাই নিয়ে নিজের মতামত অবশ্যই পরামর্শদাতা কমিটিকে জানাতে পারেন। তাতে কোনও বাধা নেই। তবে তাঁর কথা তখনই শোনা হবে, যদি শচীন, সৌরভ, লক্ষ্মণদের মতামতও একই হয়। অর্থাৎ শেষ সিদ্ধান্ত নেবেন এই তিনজনই। আপাতত কোহলির শুধু একছত্র ক্ষমতা রয়েছে প্রথম একাদশ ঠিক করার।
সূত্রের খবর, এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে শচীন, সৌরভ ও লক্ষ্মণ তিনজনই ইংল্যান্ডে রয়েছেন। এবং কোহলি নাকি ইতিমধ্যে নিজের মনের কথা জানিয়ে দিয়েছেন শচীনকে। এমনকী সৌরভ ও লক্ষ্মণের সঙ্গেও পরামর্শ করা হয়ে গিয়েছে।

এদিকে কুম্বলের পাশাপাশি হেভিওয়েটদের মধ্যে বীরেন্দ্র সহবাগও কোচ পদে আবেদন করেছেন। সেক্ষেত্রে এই দুজনের জায়গায় বিতর্ক এড়াতে বিদেশি কোচ হিসাবে টম মুডি দৌড়ে এগিয়ে যান কিনা তা সময়ই বলবে। তবে সবকিছু নির্ভর করছে ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের উপরে।












Click it and Unblock the Notifications