বিসিসিআই ও পিসিবির মধ্যে আলোচনায় বরফ গলল? চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভারত-পাক সিরিজ কী অবস্থায় দাঁড়িয়ে?
No Meeting Between BCCI And PCB: কলম্বোয় শেষ হলো আইসিসির বার্ষিক কনফারেন্স। যদিও সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনও আলোচনাই হলো না।
কনফারেন্সের ফাঁকে বিসিসিআই কর্তাদের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভির বৈঠকের বৈঠক হতে পারে বলে চলছিল চর্চা। যদিও সেটিও হয়নি বলে জানা যাচ্ছে।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয় নিয়ে বৈঠকে আলোচনার কথাই ছিল না। অ্যাজেন্ডার বাইরে থাকায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি দেরি আছে। ফলে আইসিসি-ই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে বিসিসিআই সূত্রে।
ভারত যে পাকিস্তানে খেলতে যাবে না তা দিনের আলোর মতো পরিষ্কার। এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, প্রয়োজনে পাকিস্তান থেকে টুর্নামেন্টটি সরানো হতে পারে। পিসিবি অবশ্য হাল ছাড়ছে না। তারা চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট অনুমোদন এবং বিসিসিআই ও আইসিসির তরফে ভারতের পাকিস্তানে খেলার বিষয়ে সম্মতি।
যদিও আইসিসির বৈঠকের শেষে কার্যত খালি হাতেই ফিরতে হচ্ছে পাকিস্তানকে। পিসিবির তরফে বলা হচ্ছে, আপাতত তাদের প্রধান ফোকাস চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজন করা। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাবও দেওয়ার প্রশ্ন নেই বলে দাবি পিসিবির।
টি২০ বিশ্বকাপ আমেরিকায় আয়োজন করায় বিপুল ক্ষতির মুখে পড়েছে আইসিসি। পদত্যাগও করেছেন আইসিসির কয়েকজন শীর্ষকর্তা। বাজেটের বাইরে গিয়ে খরচ হয়েছে বলে অভিযোগ। গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেবে তিন সদস্যের কমিটি।
আইসিসির মেম্বারশিপ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে ইউএসও ক্রিকেট ও ক্রিকেট চিলিকে নোটিশ দিয়েছে আইসিসি। ১২ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের জন্য ৮টি আঞ্চলিক কোয়ালিফাইং স্পটের অনুমোদন দিয়েছে আইসিসির চিফ এগজিকিউটিভ কমিটি।
যার ফলে আফ্রিকা ও ইউরোপ থেকে ২টি করে, আমেরিকা থেকে একটি এবং এশিয়া ও ইএপি থেকে মোট তিনটি দলের সামনে টি২০ বিশ্বকাপ খেলার সুযোগ মিলবে। ২০৩০ সাল থেকে মহিলাদের টি২০ বিশ্বকাপে ১২-র পরিবর্তে ১৬টি দেশ খেলবে। পল রাইফেলকে আনা হলো আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটি, তিনি এলিট প্যানেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে এলেন।












Click it and Unblock the Notifications