হার্দিককে কি বিশ্রাম দেওয়া হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, জবাব দিলেন ভারতীয় দলের বোলিং কোচ
হার্দিককে কি বিশ্রাম দেওয়া হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, জবাব দিলেন ভারতীয় দলের বোলিং কোচ
চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা থেকেই ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। দেশ-বিদেশে বিভিন্ন দ্বি-পাক্ষিক সিরিজ এবং এশিয়া কাপে তাঁর পারফরম্যান্স যেমন ভরসা দিয়েছে বিশ্বকাপের আগে তেমনই বিশ্বকাপেও তাঁর স্বপ্নের ফর্ম বজায় রেখেছেন। পাকিস্তানের বিরুদ্ধে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সের পর এখন প্রশ্ন, নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁকে কি ভারতীয় দল খেলাবে নাকি বিশ্রাম দেবে।

হার্দিককে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে না ম্যানেজমেন্ট:
নেদারল্যান্ডস ম্যাচের আগে বুধবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ পারাস মাহমব্রে জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট কাউকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে না। তিনি বলেছেন, "আমরা কাউকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছি না। আমাদের মনে হয় মোমেন্টাম ধরে রাখাটা প্রয়োজন এই টুর্নামেন্টে, পাশাপাশি প্রত্যেকের ছন্দে থাকা প্রয়োজন। অনেকে ব্যাটিং করার সুযোগ পায়নি। ফলে তাঁদেরকে সেই গেম টাইমটা দেওয়া জরুরি। হার্দিক সব ম্যাচেই খেলতে চায়। ওকে বিশ্রাম দেওয়ার কথা আমরা ভাবছি না। আমাদের এক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও, বোলিং এবং ব্যাটিং দু'টোই করছে ও। গত ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস আসে ওর ব্যাট থেকে।"

বিরাটের পারফরম্যান্সের জন্য হার্দিকের প্রশংসা প্রাপ্য:
পারাস মনে করেন বিরাট কোহলির ম্যাচ উইনিং পারফরম্যান্সের জন্য প্রশংসা প্রাপ্য হার্দিক পাণ্ডিয়ার। তিনি বলেছেন, "বিরাট আমাদের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে ঠিকই। আপনি যদি চান এক জন অভিজ্ঞ খেলোয়াড় শেষ পর্যন্ত খেলুক এবং ম্যাচ বের করে নিয়ে আসুক তা হলে নিশ্চিত ভাবেই প্রতিপক্ষের উপর চাপ পড়বে। তাই আমি মনে করি বিরাটের পারফরম্যান্সের জন্য অনেকটাই প্রশংসা প্রাপ্য হার্দিকের। ও যখন ব্যাটিং করতে নামে তখন পরিস্থিতি ভিন্ন ছিল, আমার মনে হয় ৪ উইকেট পড়ে গিয়েছিল। সহজ ছিল না ওই সময়টা। আমি মনে করি হার্দিক নিজের সঙ্গে যে অভিজ্ঞতা নিয়ে আসে তার কোনও বিকল্প হয় না।"

হার্দিককে বিশ্রাম দেওয়ার পক্ষে সাওয়াল তুলেছিলেন গাভাসকর:
সুনীল গাভাসকর এক সংবাদমাধ্যমকে বলেছেন, "হার্দিকের যদি হাল্কা চোট থাকে তা হলে তাঁকে বিশ্রাম দেওয়া উচিৎ। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তাই যাঁর সামান্য হলেও চোট-আঘাতের সমস্যা রয়েছে তাঁদের বিশ্রাম দেওয়া উচিৎ যাতে তাঁরা তরতাজা হয়ে রবিবারে মাঠে নামার সুযোগ পায়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে টি-২০ ক্রিকেটে কাউকেই হাল্কাভাবে নেওয়া যায় না।"

অর্শদীপে প্রশংসায় পারাস:
ভারতীয় দলের বোলিং কোচকে মুগ্ধ করেছে তরুণ প্রতিভা অর্শদীপ সিং। এই সাংবাদিক সম্মেলনে পারাস বলেছেন, "প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার ক্ষমতা রয়েছে এই অর্শদীপের। আইপিএল-এ কঠিন পরিশ্রম করেছে ও। ভারতীয় দলের হয়েও বিভিন্ন পরিস্থিতিকে যখন বোলিং করেছে সেখানেও পরিশ্রম করেছে, সেটা পাওয়ার প্লে হোক কিংবা ডেথ ওভার। চাপ নিয়ে খেলার অনবদ্য ক্ষমতা রয়েছে ওর মধ্যে। ওর উপর আমাদের অনেক আস্থা রয়েছে এবং ওর ভবিষ্যৎ উজ্জ্বল।"












Click it and Unblock the Notifications