বাবর আজম অধিনায়ক, টি২০ বিশ্বকাপের সেরা দলে নেই কোনও ভারতীয়
বাবর আজম অধিনায়ক, টি২০ বিশ্বকাপের সেরা দলে নেই কোনও ভারতীয়
এবছরের মতো শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেরার তাজ উঠেছে অস্ট্রেলিয়ার মাথায়। এমনিতেই ক'বছর ধরে যেকোনও আইসিসি টুর্নামেন্ট শেষের পরে আইসিসি একাদশ দল গড়ে ক্রিকেট নিয়ামক সংস্থাটি। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

তবে বদল দেখা যাবে দলের সদস্যের দিকে চোখ রাখলেই। অন্যান্য বার ভারত না জিতলেও অন্তত ২-৩ জন ভারতীয় ক্রিকেটার থাকতেন এই আইসিসি একাদশে, এবার সেখানে একজন ভারতীয়ও স্থান পাননি।
আইসিসির গড়া এই দলের অধিনায়কের ভূমিকায় রাখা হয়েছে পাক অধিনায়ক বাবর আজমকে। তাঁর নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়েছে পাকিস্তান। তাছাড়া বাবর নিজেও অসাধারণ ব্যাটিং করেছেন টুর্নামেন্ট জুড়ে। এবারের সংস্করণের সর্বোচ্চ রান স্কোরার তিনি৷ দলের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জস বাটলার। দু'জনেই নিজেদের দেশের হয়ে ঝোড়ো ব্যাটিং করেছেন। অজিদের বিরুদ্ধে বাটলারের ৭১ এর ইনিংস তো টুর্নামেন্টের অন্যতম সেরা। অন্যদিকে ডেভিড ওয়ার্নার না থাকলে হয়ত ফাইনালে ওঠাই হত না অজিদের৷
বাবর ছাড়া মিডল অর্ডারে স্থান পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মাকরম, শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা। দুই স্পিনার রয়েছে এই দলে, ওয়ানেন্দু হাসরঙ্গা এবং অ্যাডাম জাম্পা। দক্ষিণ আফ্রিকার পেসার নর্টজে, অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টও রয়েছেন এই দলে। দলের দ্বাদশ ব্যক্তি রাখা হয়েছে পাক পেসার শাহিন শাহ আফ্রিদিকে।
উল্লেখযোগ্যভাবে এই দলে কোনও ভারতীয় স্থান পাননি। নিজেদের মহা গুরুত্বপূর্ণ দুই ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে হেরে সুপার ১২ থেকেই ছিটকে গেছিল ভারত। দলের কোনও খেলোয়াড়ই সেভাবে জ্বলে উঠতে পারেননি। পরে আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিলেও তা কাজে আসেনি সেভাবে।












Click it and Unblock the Notifications