IND vs BAN: নীতীশকে স্ট্যান্ডিং ওভেশন, রিঙ্কুও করলেন ধুন্ধুমার ব্যাটিং, বাংলাদেশকে ২২২ রানের টার্গেট দিল ভারত
IND vs BAN: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ভারত টি২০ সিরিজ পকেটে পুরে ফেলার জোরালো সম্ভাবনা তৈরি করল। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ।
ভারত নির্ধারিত ২০ ওভারে উইকেট ৯ হারিয়ে তুলল ২২১ রান। নীতীশ কুমার রেড্ডি সর্বাধিক ৭৪ রান করেন। অর্ধশতরান পেলেন রিঙ্কু সিং।

ভারত পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের মধ্যেই তিন উইকেট হারায়। সঞ্জু স্য়ামসন ৭ বলে ১০, অভিষেক শর্মা ১১ বলে ১৫ ও সূর্যকুমার যাদব ১০ বলে ৮ রান করেন। ৫.৩ ওভারে তিন উইকেটে ৪১- এই অবস্থা থেকে দলকে মজবুত ভিতে দাঁড় করাল নীতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংয়ের বিধ্বংসী পার্টনারশিপ।
চতুর্থ উইকেট জুটিতে মাত্র ৮ ওভারে তাঁরা তোলেন ১০৮ রান! নীতীশ কেরিয়ারের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক খেলছেন। অন্ধ্র প্রদেশের ব্যাটিং অলরাউন্ডার এদিন ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তিনি এদিন করলেন ৩৪ বলে ৭৪। চারটি চার ও সাতটি ছয়ের সৌজন্যে। প্রথম ১২ বলে করেছিলেন ১৩, পরের ২২ বলে ৬১।
২১ বছরের নীতীশ সাজঘরে ফেরার সময় পেলেন স্ট্যান্ডিং ওভেশন। ডাগআউটে সতীর্থ ও কোচিং স্টাফরা তো বটেই, উঠে দাঁড়িয়ে করতালি দিচ্ছিলেন দর্শকরাও। সোশ্যাল মিডিয়াতেও সানরাইজার্স হায়দরাবাদের এই প্লেয়ারকে নিয়ে বলা হচ্ছে, NKR লম্বা রেসের ঘোড়া।
গোয়ালিয়রে টি২০ আন্তর্জাতিকে অভিষেকে নীতীশ ১৬ রানে অপরাজিত ছিলেন। তিনি এদিন সাফল্য পাওয়ায় কঠিন হলো তিলক বর্মার একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি। নীতীশ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৫টি ম্যাচে ৩০৩ রান করেছেন। ২টি হাফ সেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট প্রায় ১৪৩। বল হাতে আইপিএলে তিনটি উইকেটও রয়েছে তাঁর।
এদিন রিঙ্কু সিং করলেন ২৯ বলে ৫৩। টি২০ আন্তর্জাতিকের তৃতীয় অর্ধশতরানটি কেকেআরের তারকা রিঙ্কু পেলেন ২৬ বল খেলে। রিঙ্কুর ইনিংস সাজানো পাঁচটি চার ও তিনটি ছয় দিয়ে। রিয়ান পরাগ ৬ বলে ১৫, হার্দিক পাণ্ডিয়া ১৯ বলে ৩২ রান করেন। বরুণ চক্রবর্তী ২ বল খেলে কোনও রান করতে পারেননি। অর্শদীপ সিং ২ বলে ৬ রান করেন। ময়াঙ্ক যাদব ১ বলে ১ ও ওয়াশিংটন সুন্দর কোনও বল না খেলে অপরাজিত থাকেন।
রিশাদ হোসেন ৪ ওভারে ৫৫ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন। তাসকিন আহমেদ এদিন বাংলাদেশের কৃপণতম বোলার, ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নিলেন। তানজিম হাসান শাকিব ৪ ওভারে ৫০ এবং মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৬ রান খরচ করে পেয়েছেন ২টি করে উইকেট।












Click it and Unblock the Notifications