দ্বিতীয় ম্যাচে ভারতের চ্যালেঞ্জ অপরিচিতি! পরিবেশ-জ্ঞানে এগিয়ে ব্ল্যাকক্যাপস, আত্মবিশ্বাসে বিরাটরা
নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় ওডিআই ম্যাচের প্রিভিউ। এছাড়া জেনে নিন সম্ভাব্য প্রথম একাদশ এবং কখন ও কোথায় ম্য়াচটি দেখা যাবে।
নেপিয়ারে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। শনিবার (২৬ জানুয়ারি) মাউন্ট মাউনগানুই-য়ে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দেশ। প্রথম ম্যাচে বিরাট বাহিনীকে সম্পূর্ণ অন্য স্তরের দল বলে মনে হয়েছে। স্বাভাবিকভাবেই দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসে ফুটছে তারা।
অপরদিকে, গত কয়েক সিরিজে ঘরের মাঠে একেবারে অপ্রতিরোধ্য ছিল কিউইরা। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই জোর ধাক্কা খেয়েছে তারা। তবে লড়াকু হিসেবে নাম রয়েছে কেন উইলিয়ামসনদের। কাজেই দ্বিতীয় ম্যাচেই তারা সিরিজে ফিরে আসার মরিয়া চেষ্টা চালাবে, তা বলাই বাহুল্য। আর এই ক্ষেত্রে তাদের সহায়ক হতে পারে বে ওভালের অপরিচিত পরিবেশ।

ভারতীয় ব্যাটিং
প্রথম ম্য়াচে অবশেষে বড় রানে ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ান। অপর ওপেনার রোহিত শর্মা ভাল শুরু করেও বেশি রান করতে পারেননি। তিনি সচরাচর পরপর ব্যর্থ হন না। অধিনায়ক বিরাট প্রথম ম্যাচে লোকি ফার্গুসনের বাউন্সার না বুঝতে পেরে তিনি অর্ধশতরান হারান। 'বিগ থ্রি' রান না পেলেও ভারতের ভরসা রয়েছে অভিজ্ঞ ধোনি ও 'ক্যারিশম্যাটিক' কেদার যাদবের উপর। পরীক্ষা দিতে হবে আম্বাতি রায়ডুকে।

নিউজিল্যান্ডের ব্য়াটিং
প্রথম ম্যাচে কিউইদের ব্য়াটিং-এ একমাত্র ইতিবাচক বিষয় বলতে ছিলেন কেন উইলিয়ামসন। তাঁর ৬৪ রানের ইনিংসে তিনি যে ছন্দে আছেন বোঝা গিয়েছে। বাকিদের মধ্যে আর একমাত্র রস টেলরের কথা বলা যায়। ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে না পারলেও যেটুকু সময় ছিলেন, তাঁকে ভারতীয় বোলারদের সামনে স্বচ্ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে। দ্বিতীয় ম্যাচেও ব্ল্যাক ক্যাপসদের বড় স্কোর করার প্রধানতম ভরসা এই দুইজনই। প্রথম ম্যাচে তাঁদের দুই ওপেনারের একজনও রান পাননি। গাপ্টিল ও মুনরোর থেকে কিন্তু একটা ভাল রানের ভিত চাইছে নিউজিল্যান্ড।

ভারতের বোলিং
অস্ট্রেলিয়া সফরে ভারতের খেলা দেখে সম্ভবত ভারতীয় পেসারদের মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন ব্ল্যাকক্যাপস ব্যাটসম্যানরা। তাঁদের কাজটা কঠিন করে দিয়েছেন কুল-চা জুটি। প্রথম ম্য়াচে তাঁরা জুটিতে ৬ উইকেট শিকার করেছেন। দ্বিতীয় ম্যাচেও কিউই ব্য়াটিং লাইনআপে মাঝের ওভারে কোহলি কুল-চা অস্ত্র দাগবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে। তবে মাঝের ওভারে পৌঁছনোর আগে থাকবেন শামি-ভুবি। দুজনেই দারুণ ছন্দে আছেন। এছাড়া মাউন্ট মাউনগানুইয়ের মাঠে সাহায্য পেয়ে থাকেন সিমাররা। কাজেই পরিস্থিতি তাঁদের আরও ভয়ঙ্কর করে তুলতে পারে।

নিউজিল্যান্ডের বোলিং
প্রথম ম্যাচে কিউই বোলারদের মধ্যে লোকি ফার্গুসন ও ডাগ ব্রেসওয়েল উইকেট পেয়েছেন। বে ওভালের পরিস্থিতিতে কাজে লাগিয়ে এই দুইজন কিন্তু দ্বিতীয় ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠে পারেন। তবে প্রধান হুমকি অবশ্যই ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি। বে ওভালে সবচেয়ে বেশি উইকেট শিকারী কিন্তু এই দুইজনই। বোল্টের আছে ১২ উইকেট, সোধির ৫। এদের সঙ্গে থাকবেন অভিজ্ঞ সাউদিও। ভারতীয় ব্যাটিং-এর মাথাকে তাড়াতাড়ি মুড়িয়ে দেওয়াই তাঁদের লক্ষ্য।

সম্ভাব্য প্রথম একাদশ
ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, বিজয় শঙ্কর, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল
নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (সি), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোমি, মিচেল স্যান্টনার, ডাগ ব্রেসওয়েল, টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

কখন ও কোথায় দেখা যাবে?
নিউজিল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় ওডিআই
স্থান - বে ওভাল, মাউন্ট মাউনগানুই
তারিখ - শনিবার, ২৬ জানুয়ারি
সময় - ভারতীয় সময় সকাল ৭.৩০
টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - হটস্টার, জিওটিভি, এয়ারটেল টিভি












Click it and Unblock the Notifications