ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসায় নিউজিল্যান্ড ক্রিকেটারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জামা নিলামে
ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসায় নিউজিল্যান্ড ক্রিকেটারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জামা নিলামে
দেশকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশির খেতাব জিতিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে ওই ম্যাচে যে জামা পড়ে তিনি খেলেছিলেন, সেটি এক মহান উদ্যোগে সামিল হয়ে নিলামে তুললেন ওই ক্রিকেটার। সাউদির বিবেচনায় মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব।

টিম সাউদির উদ্যোগ
নিউজিল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করতে মুখ্য ভূমিকা নেওয়া টিম সাউদি তাঁর টুর্নামেন্ট ফাইনালের জামা এক ক্যানসার আক্রান্ত ৮ বছরের শিশুর চিকিৎসায় নিলামে তুললেন। হোলি বিটি নামের ওই শিশু নিউরোব্লাস্টোমা নামক ক্যানসারের আগ্রাসী চরিত্রে আক্রান্ত। রোগ নিরাময়ে প্রচুর অর্থের প্রয়োজন। সেই টাকা জোগাড় করতে কালঘাম ছুটছে ওই শিশুকন্যার পরিবারের। তাই সোশ্যাল মিডিয়ায় 'হোপ ফর হোলি' বলে একটি প্রচার চালু হয়েছে। সংশ্লিষ্ট এক ওয়েবসাইটে ঢুকে যার যতটা সম্ভব অর্থ দান করতে পারেন। সেই মহান উদ্যোগেই সামিল হয়েছেন টিম সাউদি।
|
ব্ল্যাক ক্যাপদের পোস্ট
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরে খেলা যে জামা টিম সাউদি নিলামে তুলবেন বলে ঠিক করেছেন, তার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে ওই ম্যাচের জন্য কিউয়ি দলে থাকা ১৫ জন সদস্যের সই রয়েছে। কোন ওয়েবসাইটে সাউদির জামাটি নিলামে তোলা হয়েছে, তার ঠিকানাও সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে সংযুক্ত করে দিয়েছে ব্ল্যাক ক্যাপ শিবির।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সাউদির পারফরম্যান্স
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বল হাতে সাড়া জাগিয়েছেন টিম সাউদি। টুর্নামেন্টে ১১টি ম্যাচ খেলে ৫৬টি উইকেট নিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার। ৩২ রান দিয়ে নেওয়া ৫ উইকেট তাঁর সেরা স্পেল। টুর্নামেন্টের ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৪৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং বিভাগকে ধাক্কা দেন সাউদি। রোহিত শর্মা ও শুভমান গিলের মতো গুরুত্বপূর্ণ উইকেট তিনি নেন।

টিম সাউদির কেরিয়ার
নিউজিল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ৭৯টি টেস্ট, ১৪৩টি ওয়ান ডে ও ৮৩টি টি২০ ম্যাচ খেলা টিম সাউদি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৩১৪, ১৯০ ও ৯৯টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ১২ বার নিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার। বর্তমানে আইসিসি টেস্ট ক্রমতালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন টিম সাউদি।












Click it and Unblock the Notifications