কানপুর টেস্টে তৃতীয় দিনেও ভারতকে কড়া চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের
কানপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেও নিউজিল্যান্ডের হাতেই ম্যাচের রাশ। যদিও মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে কেন উইলিয়ামসনকে লেগ বিফোর করে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছেন উমেশ যাদব। ভারতের ৩৪৫ রানের জবাবে এখনও অবধি নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলেছে। ২৩৯ বলে ৮২ রান করে অপরাজিত রয়েছেন ওপেনার টম লাথাম। উইল ইয়ং ৮৯ রানে আউট হন। উইলিয়ামসন ৬৪ বলে ১৮ রান করেছেন।

প্রথম ইনিংসে ৫৭ ওভারে বিনা উইকেটে ১২৯ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। শুরু থেকেই ভারতীয় স্পিনারদের ভালোই সামলাচ্ছিলেন দুই ওপেনার। কিউয়িদের ওপেনিং জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ৬৬.১ ওভারে উইল ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা কট বিহাইন্ডের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার নীতীন মেনন। ঋদ্ধিমান সাহার পরিবর্ত হিসেবে নামা উইকেটকিপার শ্রীকার ভরত নিশ্চিত থাকায় ভারত রিভিউ নিলে দেখা যায় অশ্বিনের বল ইয়ংয়ের ব্যাট ছুঁয়েই কিপারের হাতে জমা পড়েছে ২১৪ বলে ৮৯ রানে আউট হন উইল ইয়ং। এদিন কেরিয়ারের সেরা টেস্ট রান করলেও শতরান মাঠে ফেলে এলেন। মেরেছেন ১৫টি চার।

টম লাথামও ব্যক্তিগত ৬৬ রানে আউট হতে পারতেন। অশ্বিনের বল তাঁর প্যাডে লাগলে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার আউট দেননি। বল লাথামের ব্যাটে লেগেছে কিনা তা ময়াঙ্ক আগরওয়ালের কাছে জানতে চান অশ্বিন। সংশয়ী ময়াঙ্ক ভরসা না দেওয়ায় ভারত রিভিউ নেয়নি। তবে রিপ্লেতে দেখা যায় বল লাথামের ব্য়াটে লাগেনি এবং হক আই স্পষ্ট করে বল উইকেট ভেঙে দিত। ফলে এই রিভিউটি নিলে ভারত আরও কিছুটা সুবিধাজনক জায়গায় থাকতে পারত। মধ্যাহ্নভোজের বিরতির আগে শেষ ওভারে অবশ্য কিউয়ি অধিনায়ককে ফিরিয়ে দিয়েছেন উমেশ যাদব।

ম্যাচ এখনও কিউয়িদের হাতে থাকলেও ভারতীয় ভক্তরা ২০১৬ সালে কানপুরে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পুনরাবৃত্তির অপেক্ষা করছেন। সেই টেস্টে ভারতের ৩১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৪৭ ওভারে ১ উইকেটে ১৫২। টম লাথাম ৫৬ ও উইলিয়ামসন ৬৫ রানে অপরাজিত ছিলেন। সেই অবস্থা থেকে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির কিছু পরেই নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৬২ রানে, ৯৫.৫ ওভারে। রবীন্দ্র জাদেজা ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট নিয়েছিলেন। এরপর ভারত ৫ উইকেটে ৩৭৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ করে দিয়েছিল ২৩৬ রানে। ভারত ওই টেস্ট জিতেছিল ১৯৭ রানে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন অশ্বিন।












Click it and Unblock the Notifications