'দিল' জিতলেন গিল, আরও এক নতুন তারকার জন্ম হল ইডেনে
এর আগে অনেক তারকার জন্ম দিয়েছে ইডেন। বৃহস্পতিবার আরও এক তারকার জন্ম হল ইডেনে। তিনি শুভমান গিল।
অতীতে অনেক তারকার জন্ম দিয়েছে ইডেন। বৃহস্পতিবার আরও এক তারকার জন্ম হল ইডেনে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শুভমান গিল। ৩৭২ রান করে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পরে জয়জয়কার পরে যায় নতুন নায়কদের নিয়ে। সেখান থেকে ফিরে বড়দের সঙ্গে আইপিএলের মঞ্চে ধাতস্থ হয়ে পারফর্ম করা সহজ ছিল না। তবে সব বাধা জয় করে নিজেকে মেলে ধরলেন পঞ্জাবের এই তরুণ।

কলকাতা নাইট রাইডার্স ১.৮ কোটি টাকায় নিলামে কিনে নেয় শুভমান গিলকে। প্রথম দুটো ম্যাচে খেলেননি। তৃতীয় ও চতুর্থ ম্যাচে ব্যাট করেন কঠিন পরিস্থিতিতে। সফল হননি। তবে সম্ভাবনা যে রয়েছে তা বুঝতে পেরেছিল কেকেআর ম্যানেজমেন্ট। আর তাই শুভমানকে খেলিয়েছেন দীনেশ কার্তিক।
দিল্লির বিরুদ্ধে হারা ম্যাচে ২৯ বলে ৩৭ রান করেছিলেন। তারপরে এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে অনবদ্য খেললেন পঞ্জাবের ছেলে গিল। মাত্র ৩২ বলে অর্ধশতরান করলেন। শেষ অবধি ৩৬ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন।
একটা সময় ৬৪ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল কলকাতার। ম্যাচ হারার হাতছানি ছিল। তবে গিল আগের মতো ভুল করেননি। মাথা ঠান্ডা রেখে পাল্টা আক্রমণ করে জয় ছিনিয়ে আনেন। ইডেন এর আগে অনেক তারকার জন্ম দিয়েছে। এদিন আরও এক তারকার জন্ম হল।
শুধু কেকেআর-এর জন্যই নয়, গিল ভবিষ্যতে ভারতীয় দলেরও সম্পদ হয়ে উঠবেন নিঃসন্দেহে। এদিন যে প্রতিভার ঝলক তিনি দেখালেন তা অবশ্যই কুর্ণিশ করার মতো।
আইপিএলে ৭টি ম্যাচ খেলে ৩টি নট আউট সহ ১২২ রান করেছেন গিল। ব্যাটিং গড় ৪০.৬৬ ও স্ট্রাইক রেট ১৩৭.০৭। আগামিদিনে গিল আরও অনেক ভালো খেলবেন তা আশা করাই যায়।












Click it and Unblock the Notifications