‘আমরা কখনওই সে ভাবে জড়িত ছিলাম না’, রাহুল সম্পর্কে বিরাট মন্তব্য কোহলির
‘আমরা কখনওই সে ভাবে জড়িত ছিলাম না’, রাহুল সম্পর্কে বিরাট মন্তব্য কোহলির
শেষ দুই মরসুম পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়ার কে এল রাহুল আসন্ন আইপিএল-এ নতুন ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস-এর জার্সতে নয়া ইনিংস শুরু করতে চলেছেন। পঞ্চদশ আইপিএল-এ নিলামের আগে রাহুলকে ধরে রাখেনি পঞ্জাব। ফ্রি-এজেন্ট হিসেবে রাহুলকে ড্রাফ্টিং-এ তুলে নেয় লখনউ সুপার জায়েন্টস।

২৬ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল-এর পঞ্চদশ সংস্করণে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন নতুন লখনউ ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন রাহুল। বিরাট কোহলির নেতৃত্বে একটা সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও আইপিএল-এ খেলেছিলেন রাহুল। যদিও সেই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম চরিত্র হয়ে ওঠেননি লোকেশ। ২০১৩ আইপিএল-এ আরসিবির জার্সিতে প্রতিনিধিত্ব করা রাহুলকে দুই মরসুমে এক কোটি টাকার বিনিময়ে দলে তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে বেঙ্গালুরুর ফ্রাঞ্চাইজি দলটিতে প্রত্যাবর্তন ঘটে কে এল-এর। ওই মরসুমে দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে মরসুম শেষ করেন তিনি। ১৪ ম্যাচে করেছিলেন ৩৯৭ রান।
এখনও পর্যন্ত রাহুলের ক্রিকেট কেরিয়ার সম্পর্কে আরসিবির পোডকাস্টে বিরাট জানিয়েছেন, ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে কেরিয়ারের শুরুর দিকে টি-২০ স্পেশ্যালিস্ট হিসেবে গণ্য করা হতো না। বিরাট বলেন, "করুণ (নায়ার) এবং ময়াঙ্কের (আগারওয়াল) সঙ্গে ২০১৩ সালে আরসিবিতে ছিল কে এল রাহুল। কে এল রাহুলকে কখনওই এক জন টি-২০ বিশেষজ্ঞ হিসেবে দেখা হয়নি।" ৩৩-বছর বয়সী বিরাট এ-ও জানিয়েছেন যে তাঁর সঙ্গে রাহুলের খুব বেশি যোগাযোগ ছিল না, তবে ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্সের খোঁজ খবর রাখতেন তিনি। বিরাটের কথায়, "আরসিবি ছাড়ার পর খুব বেশি কে এল রাহুলের খেলা আমি দেখিনি তবে আমি শুনেছিলাম প্রথম শ্রেণির ক্রিকেটে ও ভাল পারফর্ম করছে। আরসিবিতে যখন এসেছিল তখন ওর বয়স খুবই কম, আমি তখন ভারতের হয়ে খেলছি, আমরা কখনওই সেই রকম গভীর ভাবে একে অপরের সঙ্গে জড়িত ছিলাম না।" ২০১৪ সালে ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুলের আত্মবিশ্বাস এবং শরীরী ভাষা তাঁকে যে মুগ্ধ করেছিল সেই কথাও বলতে ভুলে যাননি বিরাট।












Click it and Unblock the Notifications