বিরাট-রোহিত-পান্ডিয়া ত্রিফলায় রমরমা ভারতের, ফাইনাল টি২০তে ইংল্যান্ডের টার্গেট ২২৫ রান
বিরাট-রোহিত-পান্ডিয়ায় বিদ্ধ ইংল্যান্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে রানের পাহাড় খাড়া করল ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিং নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৪ রান তুলল ভারত। এবার বোলারদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে মেন ইন ব্লু।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টে়ডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের টসে হেরে যান বিরাট কোহলি। টুর্নামেন্টে আরও একবার আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণ করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলির পার্টনারশিপ। ম্যাচের ভিত সেখানেই তৈরি হয়ে যায়।
উল্লেখ্য চলতি সিরিজের প্রথম চার ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে নেমে সেভাবে জ্বলে ওঠেনি ওপেনার কেএল রাহুল। তাই সিরিজের পঞ্চম তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে তাঁকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজায় টিম ইন্ডিয়া। পরিবর্তে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ওপেন করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করতে থাকেন রোহিত শর্মা। তাঁর প্রহার থেকে বাদ গেলেন না আদিল রশিদ থেকে জোফ্রা আর্চার, মার্ক উড থেকে ক্রিস জর্ডন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ধ্বংসাত্মক মেজাজে ৩৪ বলে ৬৪ রান করেন রোহিত শর্মা। চারটি চার ও পাঁচটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। দুই ম্যাচ পর স্বমহিমায় ফেরা রোহিতকে বোল্ড করেন ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস। তবে ততক্ষণে ম্যাচে জাঁকিয়ে বসে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিরাটের সঙ্গে ৯৪ রানের পার্টনারশিপ হয় হিটম্যানের।
রোহিত শর্মা আউট হওয়ার পর পিচে আসেন গত ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান করা সূর্যকুমার যাদব। চতুর্থ টি-টোয়েন্টিতে তাঁর বিরুদ্ধে বিতর্কিত আউটের জবাব এ ম্যাচে ব্যাট চালিয়েই দেন মুম্বইকর। ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন সূ্র্য। তিনটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। বাউন্ডারিতে এক হাতে সূর্যর দুর্দান্ত ক্যাচ নিয়ে দৌড়ে সীমানা পেরোনার আগে জেসন রয়ের হাতে বল ছুঁড়ে দেন ক্রিস জর্ডন।
ক্রিজের অন্যদিক আঁকড়ে ধরে রাখা অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে নিয়মিত ব্যবধান চার ও ছক্কা বেরোতে থাকে। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৮তম অর্ধশতরান হাঁকান রান মেশিন। ৫২ বলে ৮০ রান করে ভারতকে জয়সূচক স্কোরের কাছে নিয়ে যান কোহলি। সাতটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।
ইনিংসের শেষ বেলায় বিরাটকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পান্ডিয়া। স্বভাবোচিত ঝড়ো ব্যাটিংয়ে ক্রিকেট প্রেমীদের মন জয় করেন ভারতীয় অল রাউন্ডার। স্টেডিয়ামে বসে হার্দিকের ব্যাটিং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন তাঁর স্ত্রী নাতাসা স্টানকোভিচ। ১৭ বলে ৩৯ রান করেন হার্দিক। চারটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন আদিল রশিদ ও বেন স্টোকস।












Click it and Unblock the Notifications