T20 World Cup: নির্ধারিত সময়ের ১৪ দিন পর দল ঘোষণা বাংলাদেশের, টাইগারদের দলে নেতা কে হলেন? সুযোগ পেলেন শাকিব?
অনেক টালবাহানার পর অবশেষে টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব দল প্রায় স্কোয়াড ঘোষণা করার পর বিশ্বকাপ শুরুর মাত্র ১৮ দিন আগে দল ঘোষণা করল বাংলাদেশ।বিশ্বকাপে প্রাথমিক দল পাঠানোর শেষ তারিখ ছিল ১ মে। সেটা আগেই পাঠিয়ে দিলেও আনুষ্ঠানিকভাবে দল কোথাও প্রকাশ করেনি বিসিবি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে টি২০ সিরিজ জয়ের পর বিশ্বকাপের দল ঘোষণা করেছেন বাংলাদেশের নির্বাচকেরা।
এবার টি২০ বিশ্বকাপ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। তাঁর ফিটনেস নিয়ে অবশ্য একটা সংশয় রয়েছে। চোটে পড়া তাসকিন আহমেদকে সহঅধিনায়ক বানিয়ে একটু হলেও চমকে দিয়েছেন নির্বাচকরা। সম্প্রতি ভালো খেলা তানজিম হাসান শাকিবকেও এই স্কোয়াডে রাখা হয়েছে। দলে জায়গা পেয়েছেন সিনিয়র ক্রিকেটার শাকিব আল হাসানও।

ভারতের মতোই বাংলাদেশের নির্বাচকরাও বিশ্বকাপের দল নিয়ে কোনও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে সফল ক্রিকেটারদের নিয়েই দল গঠন করা হয়েছে। সেই সঙ্গে তারুণ্যেও জোর দেওয়া হয়েছে। ১৫ সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।
রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন।তাসকিন চোটের কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে থাকছেন না। তবে বিশ্বকাপে তাঁকে সুস্থ অবস্থায় পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত এই সিরিজেই টিম কম্বিনেশন দেখে নেবে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ 'ডি'-তে। ৭ জুন বাংলাদেশ কাপযুদ্ধের অভিযান শুরু করছে। টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপের অন্য দলগুলি হল দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।
বাংলাদেশ দলঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব।
রিজার্ভ দলের সদস্য: হাসান মাহমুদ, আফিফ হোসেন।












Click it and Unblock the Notifications