জাতীয় দলে প্রথম ডাক পেলেন শ্রীলঙ্কা সফরেই, সাকারিয়া স্থির করে ফেললেন লক্ষ্য
আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সকে প্রাধান্য দিয়েই একঝাঁক ক্রিকেটারকে শ্রীলঙ্কা সফরের দলে রেখেছেন ভারতীয় নির্বাচকরা। তাঁদের মধ্যেই অন্যতম চেতন সাকারিয়া রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। একটি জাতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, দেশের হয়ে টেস্ট খেলাই তাঁর মূল লক্ষ্য।

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে ছিলেন নেট বোলার হিসেবে। এবার আইপিএলে তাঁকে ১.২ কোটি টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস। যদিও আইপিএল স্থগিত হওয়ার পরই চেতনের করোনা আক্রান্ত পিতা কাঞ্জিভাই সাকারিয়া প্রয়াত হন। আইপিএল নিলামের সপ্তাহখানেক আগে তাঁর ছোট ভাই রাহুল আত্মহত্যা করেছিলেন। পারিবারিক এই ঝড় সামলেই এবার শ্রীলঙ্কা সফরের মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন চেতন।

এবারের আইপিএলে সৌরাষ্ট্রের এই স্পিনার সাতটি উইকেট নিয়েছেন। তাঁর শিকারের মধ্যে রয়েছেন লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, মহেন্দ্র সিং ধোনি, অম্বাতু রায়ুডু, নীতীশ রানার মতো তাবড় ক্রিকেটাররা। রানাও সাকারিয়ার মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শ্রীলঙ্কা সফরেই। চেতন সাকারিয়া বলেন, দেশের হয়ে দীর্ঘদিন টেস্ট খেলার লক্ষ্যকে সামনে রেখেই নিজেকে প্রস্তুত করছি। টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ সামলানোই লক্ষ্য। টেস্ট ক্রিকেটে প্রতি মুহূর্তে যে চ্যালেঞ্জ থাকে সেটারই মোকাবিলা করতে চাই।

সাকারিয়া আরও বলেছেন, আইপিএল আমার পরিবারকে আর্থিক নির্ভরতা দিয়েছে। ক্রিকেটার হিসেবেও অনেক কিছু পেয়েছি। আরসিবি শিবিরে বিশ্বের তারকা ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করতে পেরেছিলাম। এটা আমার মানসিক গঠনে বড় ভূমিকা নেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়িয়েছে। নিজের পরিকল্পনার সঠিক প্রয়োগের গুরুত্বও উপলব্ধি করেছি। উল্লেখ্য, সৌরাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫টি ম্যাচে তিনি উইকেট পেয়েছেন ৪১টি। রঞ্জি ট্রফিজয়ী দলেরও সদস্য ছিলেন। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে ৫টি ম্যাচে ১২ উইকেট তুলে নেওয়াই তাঁর সামনে খুলে দিয়েছিল আইপিএলের দরজা। তারপর খুলে গেল জাতীয় দলের দরজাও। এবার শ্রীলঙ্কা সফরে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে চেতন।
২৮ জুন শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে মুম্বইয়ে ১৪ জুন থেকে ১৪ দিন টিম হোটেলে নিভৃতবাসে কাটাবেন শিখর ধাওয়ানরা। প্রত্যেককে কোভিড পরীক্ষা করিয়ে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। তারপর নিয়মিত ব্যবধানে টিম হোটেলেই করোনা পরীক্ষা হবে। ফলে শ্রীলঙ্কায় গিয়ে তিনদিন রুম কোয়ারান্টিনে থেকেই ২ জুলাই থেকে ৪ জুলাই ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।
ছবি- বিসিসিআই/আইপিএল












Click it and Unblock the Notifications