মুথুসামীর শতরান, নার্ভাস নাইন্টিতে আউট জানসেন, রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা, গুয়াহাটি টেস্টে চাপে ভারত
বড় অঘটন না ঘটলে নিউজিল্যান্ডের পর এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজ হারতে চলেছে ভারত। গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনের শেষে গতিপ্রকৃতি তেমনই।
ভারতীয় বোলারদের অবলীলায় সামলে প্রথম ইনিংসে ৪৮৯ রান তুলল দক্ষিণ আফ্রিকা। ১৫১.১ ওভার খেলে। জবাবে দিনের শেষে ভারতের স্কোর ৬.১ ওভারে বিনা উইকেটে ৯। প্রোটিয়ারা এখনও এগিয়ে ৪৮০ রানে।

গতকাল প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৮১.৫ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান। প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার কোনও উইকেটই ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। দ্বিতীয় সেশনে পড়ে ১টি উইকেট। তৃতীয় সেশনে অল আউট হয় প্রোটিয়ারা।
ভারতীয় তামিল বংশোদ্ভূত সেনুরান মুথুসামী সাতে নেমে টেস্ট কেরিয়ারের প্রথম শতরানটি পেলেন গুয়াহাটিতে। তাঁর পূর্বসূরীরা তামিলনাড়ুর নাগাপত্তনমে থাকতেন। ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে মুথুসামী করলেন ২০৬ বলে ১০৯। কাইল ভেরেইন করেন ১২২ বলে ৪৫। মার্কো জানসেন সাত রানের জন্য কেরিয়ারের প্রথম শতরানটি মাঠে ফেলে এলেন।
টেস্ট কেরিয়ারের সর্বাধিক রান করে জানসেন কুলদীপ যাদবের বলে বোল্ড হতেই দক্ষিণ আফ্রিকার ইনিংসে যবনিকা পতন ঘটে। কুলদীপের বল ব্যাটে লাগার পর তা উইকেটে ভেঙে দেয়। স্বাভাবিকভাবেই এভাবে আউট হয়ে হতাশ জানসেন। নয় নম্বরে খেলতে নেমে তিনি করলেন ৯১ বলে ৯৩, ৬টি চার ও ৭টি ছয়ের সাহায্যে। সাইমন হার্মার ১৭ বলে ৫ রান করেন। কেশব মহারাজ অপরাজিত থাকেন ৩১ বলে ১২ রানে। হার্মারই এই ইনিংসে একমাত্র ব্যাটার যিনি দুই অঙ্কের ঘরে নিজের রান নিয়ে যেতে পারেননি।
কুলদীপ যাদব ৪টি মেডেন-সহ ২৯.১ ওভারে ১১৫ রান দিয়ে চার উইকেট পেলেন। জসপ্রীত বুমরাহ ১০টি মেডেন-সহ ৩২ ওভারে ৭৫, মহম্মদ সিরাজ ৫টি মেডেন-সহ ৩০ ওভারে ১০৬ ও রবীন্দ্র জাদেজা ২টি মেডেন-সহ ২৮ ওভারে ৯৪ রান দিয়ে ২টি করে উইকেট নেন। নীতীশ কুমার রেড্ডি ৬ ওভারে ২৫ ও ওয়াশিংটন সুন্দর ৫টি মেডেন-সহ ২৬ ওভারে ৫৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।
যশস্বী জয়সওয়াল ২৩ বলে ৭ ও লোকেশ রাহুল ১৪ বলে ২ রানে অপরাজিত রয়েছেন। মার্কো জানসেন ১টি মেডেন-সহ ৩.১ ওভারে ৯ রান দিয়েছেন। উইয়ান মুল্ডারের তিন ওভারের তিনটিই মেডেন।
ভারতকে এই টেস্টে জিততেই হবে সিরিজে সমতা ফেরাতে। ফলে মনে করা হচ্ছে, কাল ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করতে পারে। তৃতীয় দিনের পর থেকে উইকেট ভাঙতে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে স্পিনাররা সাহায্য পেতে পারেন। যদিও এই টেস্ট জেতা ভারতের কাছে বর্তমানে বড়ই কঠিন।












Click it and Unblock the Notifications