Musheer Khan: দুর্ঘটনার কবলে সরফরাজের ভাই, ইরানি কাপের আগে বড় ধাক্কা মুম্বই শিবিরে
ফিরে এল ঋষভ পন্থের স্মৃতি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে বাড়ি ফেরার সময় ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার পন্থ। এরপর চলে জীবন যুদ্ধ, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল পন্থকে। এবার সড়ক দুর্ঘটনার শিকার সরফরাজ খানের ভাই মুশির খান।
ঘরোয়া ক্রিকেটে অন্যতম পরিচিত নাম এখন মুশির। দাদা সরফরাজের মতোই মুম্বইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স করছেন ভাই মুশির। কয়েকদিন আগে শেষ হওয়া দলীপ ট্রফির ম্যাচেও ব্যাট হাতে আগুনে পারফরম্যান্স করেন মুশির, আসন্ন ইরানি কাপের মুম্বই দলেও ছিলেন সরফরাজের ভাই। কিন্তু দুর্ঘটনার জেরে ইরানি কাপের ম্যাচে খেলতে সম্ভবত পারবেন না মুশির। যা মুম্বই দলের জন্য বড় ধাক্কা।

সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুশির শুধু ইরানি কাপেরই নয় একইসঙ্গে তিনি অনিশ্চিত রঞ্জির ট্রফির প্রথম পর্বের ম্যাচেও। যা আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। যদিও মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে মুশিরের বিষয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট দেওয়া হয়নি। তবে নির্বাচকরা মুশিরের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছেন।
আগামী ১ থেকে ৫ অক্টোবর লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শুরু হচ্ছে ইরানি কাপের ম্যাচ। রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই মুখোমুখি হবে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে। মুশির একান্ত খেলতে না পারলে তা বড় ধাক্কা হতে পারে মুম্বই দলের জন্য।
ইরানি কাপে খেলার জন্য সরফরাজ এবং মুশির উভয়কেই দলে রেখেছিল মুম্বই দল। একইসঙ্গে মুম্বই দলে আছেন শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুরও। কিন্তু শনিবার সকালে পথ দুর্ঘটনার শিকার হয়েছেন মুশির। যতদূর জানা গিয়েছে বর্তমানে মুশির এবং তাঁর বাবা উভয়েই হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে মুশিরের ফ্র্যাকচার হয়েছে। কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে স্পষ্ট নয়।
India vs Bangladesh: প্রথম দিনে একটি উইকেট নিয়েই রেকর্ড গড়লেন অশ্বিন, কুম্বলেকে টপকে নয়া নজির
এরআগে দলীপ ট্রফির ম্যাচে ব্যাট হাতে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন, রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিশতরান আছে তাঁর। ফলে অল্প বয়সের মধ্যেই ঘরোয়া ক্রিকেট সার্কিটে নিজের একটা পরিচিতি তৈরি করেন মুশির। সামনের ইরানি ট্রফিতে নিজেকে মেলে ধরার বড় সুযোগ ছিল মুশিরের।
মুশিরকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হবে। সব পরীক্ষার পরই বোঝা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে মুশিরকে।












Click it and Unblock the Notifications