IPL 2022: সূর্যকুমার যাদবের পরিবর্তন খুঁজে নিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2022: সূর্যকুমার যাদবের পরিবর্তন খুঁজে নিল মুম্বই ইন্ডিয়ান্স
চলতি আইপিএল-এ প্লে-অফে পৌঁছনোর আশা শেষ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। এখন স্রেফ নিয়মরক্ষার খেলা বাকি। শেষ দু'টি ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স খেলবে সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

তবে, নিয়মরক্ষার দু'টি ম্যাচের আগে নতুন ক্রিকেটার সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। চোট পাওয়া সূর্যকুমার যাদবের পরিবর্তে মুম্বই শিবিরে নেওয়া হল আকাশ মাধওয়ালকে। আইপিএল ২০২২-এর শুরু থেকে মুম্বইয়ের নেট বোলার হিসেবে দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আকাশ মাধওয়ালকে মুম্বই ইন্ডিয়ান্স সই করিয়েছে সূর্যকুমার যাদবের পরিবর্তন হিসেবে। মুম্বই ইন্ডিয়ান্সের সাপোর্ট টিমের সদস্য ছিলেন আকাশ এবং ২০২২-এর দলের সঙ্গে এখন তিনি যুক্ত হয়েছেন। আকাশ মাধওয়াল, এক জন ডানহাতি মিডায়ম ফাস্ট বোলার এবং তিন ফরম্যাটের ক্রিকেটে তিনি প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ডের। ২০১৯ সালে তাঁর অভিষেক হয়। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক মরসুম ক্যাম্পে সাপোর্ট টিমের সঙ্গে যোগ দেওয়ার জন্য নির্বাচিত করা হয় আকাশকে এবং এক মাসের উপর সময় নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন বল হাতে।"
গত সপ্তাহে আইপিএল থেকে চোট পেয়ে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব। চোটের কারণে লিগের প্রথম দুই ম্যাচেও সূর্যর সার্ভিস পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। চোট কাটিয়ে তিনি দলে ফিরলেও ফের চোট পান ফিল্ডিং-এর সময়ে নিজের শেষ আইপিএল ম্যাচে। ৮ ম্যাচে এই মরসুমে ৩০৩ রান করেছেন এই তারকা ব্যাটসম্যান। এই মরসুমে নিজেদের যোগ্যতা অনুযায়ী যে কয়েক জন ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তাঁদের মধ্য়ে অন্যতম সূর্যকুমার।
২৮ বছর বয়সী মাধওয়াল, উত্তরাখণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ, ১১টি লিস্ট এ ম্যাচ এবং ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তিনি ৭.৫৫ ইকোনমি রেটে সংগ্রহ করেছেন ১৫টি উইকেট। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স, শনিবার চলতি লিগে নিজেদের শেষ ম্যাচটি ওই একই স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আইপিএল-এর ইতিহাসে সফলতম এই ফ্রাঞ্চাইজি চলতি লিগে দশম স্থানে রয়েছেন এবং এই স্থানে থেকেই শেষ করবেন। এর আগে চোট পাওয়া টাইমাল মিলস এবং আর্শদ খানের পরিবর্তন হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স সই করিয়েছে ত্রিস্টান স্টাবস এবং কুমার কার্থিকেয়াকে।












Click it and Unblock the Notifications