মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম পরাজয় মুম্বই ইন্ডিয়ান্সের, প্লে-অফের দৌড় জমাল ইউপি ওয়ারিয়রজ
মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের বিজয়রথ থামাল ইউপি ওয়ারিয়রজ। ডব্লিউপিএলের ষষ্ঠ ম্যাচে এসে প্রথমবার পরাজয়ের সম্মুখীন হলো হরমনপ্রীত কৌরের দল। ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছে গিয়েছে প্লে-অফে। ইউপি ওয়ারিয়রজ ৫ উইকেটে ম্যাচ জেতায় বিদায় নিশ্চিত হয়েই গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইউপি ওয়ারিয়রজ অধিনায়ক অ্যালিসা হিলি। ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ১২৭ রানে অল আউট হয়ে যায়। ৩০ বলে ৩৫ রান করেন হেইলি ম্যাথিউজ। অধিনায়ক হরমনপ্রীত কৌর ২২ বলে ২৫ ও ইসি ওং ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি। সোফি এক্লেস্টোন ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে তিনটি এবং দীপ্তি শর্মা ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি ও রাজেশ্বরী গায়কোয়াড় ৪ ওভারে ১৬ রান দিয়ে দুটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে তিন বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি ওয়ারিয়রজ। পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে তারা। তাহলিয়া ম্যাকগ্রা ২৫ বলে ৩৮, গ্রেস হ্যারিস ২৮ বলে ৩৯ রান করেন। কিরণ নবগীরে ১৬ বলে ১২ রান করেন। দীপ্তি শর্মা ১৪ বলে ১৩ ও সোফি এক্লেস্টোন ১৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। অ্যামেলিয়া কের ২২ রানে ২টি এবং ন্যাট সিভার-ব্রান্ট, হেইলি ম্যাথিউজ ও ইসি ওং একটি করে উইকেট দখল করেন।
এদিনের পরাজয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে ইউপি ওয়ারিয়রজ। তাদের নেট রান রেট মাইনাস (-) ০.১১৭। গুজরাত জায়ান্টস ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে চারে, তাদের নেট রান রেট মাইনাস (-) ২.৫২৩। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬ ম্যাচে ২ পয়েন্ট ও মাইনাস (-) ১.৫৫০ নেট রান রেট নিয়ে রয়েছে পাঁচে। আজ গুজরাতের সঙ্গে আরসিবির খেলা রয়েছে। সোমবার গুজরাত-ইউপি এবং মুম্বই-দিল্লি ম্যাচ। মঙ্গলবার আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স এবং ইউপি বনাম দিল্লি ম্যাচ রয়েছে।












Click it and Unblock the Notifications