IPL 2021: হার্দিক ছন্দে ফিরতে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল সূচিতেও রদবদল

আবু ধাবিতে আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থান ধরে রাখল রোহিত শর্মার দল। এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৪০ রানে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া। ৭ বলে ১৫ রানে অপরাজিত থাকেন কায়রন পোলার্ড। ম্যাচের সেরা হয়েছেন তিনিই। একই ওভারে ক্রিস গেইলকে আউট করলেও যেহেতু লোকেশ রাহুলকে আউট করে টি ২০ ক্রিকেটে ৩০০তম উইকেটটি পেয়েছেন সেটিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।

হার্দিক ছন্দে ফিরতে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ ওভারে পরপর দুই বলে আউট হন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। রবি বিষ্ণোই নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই আউট করেন রোহিতকে। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ১০ বলে ৮ রান করেন। পরের বলেই বিষ্ণোই বোল্ড করেন তিনে নামা সূর্যকুমার যাদবকে। চেন্নাই সুপার কিংস ম্যাচে ৩, কেকেআরের বিরুদ্ধে ৫, আরসিবির বিরুদ্ধে ৮ রানের পর এদিন সূর্য আউট হলেন শূন্যে। এদিনের ম্যাচেই খারাপ ফর্মের কারণে ঈশান কিষাণকে বাদ দেয় মুম্বই ইন্ডিয়ান্স। পরের ম্যাচে সূর্যের থাকা নিয়েও সংশয় তৈরি হল। একইসঙ্গে টি ২০ বিশ্বকাপের আগে তাঁর ফর্মও উদ্বেগে রাখছে সংশ্লিষ্ট সব মহলকেই। দশম ওভারের পঞ্চম বলে দলের ৬১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন কুইন্টন ডি কক। মহম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ২৯ বলে ২৭।

হার্দিক ছন্দে ফিরতে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স

ঈশান কিষাণের পরিবর্তে দলে কামব্যাক করা সৌরভ তিওয়ারি এদিন আরও একটি ভালো ইনিংস উপহার দিলেন। চোট উপেক্ষা করেই। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে সৌরভ করেন ৩৭ বলে ৪৫। ১৫.১ ওভারে নাথান এলিসের বলে তিনি বোল্ড হন। এরপর দলকে টার্গেটের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কায়রন পোলার্ড ও হার্দিক পাণ্ডিয়া। হার্দিক এদিনও বোলিং করেননি, তবে ব্যাট হাতে ভরসা দিলেন। ম্যাচের ১৭তম ওভারে মহম্মদ শামির দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা মারেন। তবে পরের তিন বলে এক রানের বেশি নিতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। ১৮তম ওভারে অর্শদীপ সিংয়ের চতুর্থ ও পঞ্চম বলে চার ও ছক্কা হাঁকান পোলার্ড। অর্শদীপের ওভারে এই ইনিংসের সর্বাধিক ১৩ রান আসায় শেষ দুই ওভারে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। এক ওভার বাকি থাকতেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ১৯তম ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। এই ওভারে দুটি চার ও একটি ছয় মেরে দলকে জেতান হার্দিক।

মহম্মদ শামি ৪ ওভারে ৪২ রান খরচ করে একটি উইকেট পান। রবি বিষ্ণোই ২৫ রানে ২ উইকেট দখল করেন। এই জয়ের ফলে ১১ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট হল ১০। সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট কেকেআরেরও, তবে নেট রান রেটে এগিয়ে থেকে ইয়ন মর্গ্যানরা রইলেন চারে, মুম্বই ইন্ডিয়ান্স পাঁচে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে পাঞ্জাব কিংস। বাকি তিনটি ম্যাচে ইতিবাচক ক্রিকেট খেলাই লক্ষ্য বলে জানিয়েছেন পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর মতে, সবচেয়ে ভালো উইকেট পেলেও এই উইকেটে পর্যাপ্ত রান তোলা সম্ভব হয়নি। বোলারদের পারফরম্যান্সে খুশি রাহুল আরও বলেন, ১৭০ রান তুললে জেতা যেত। চাপ সামলাতে দল ব্যর্থ হচ্ছে বলে মেনে নিয়েছেন তিনি। ফলাফলের কথা না ভেবে এখন একটি করে ম্যাচ ধরেই এগোতে চান তিনি।

প্লে অফে ওঠার লড়াইয়ে অনেকগুলি দল রয়েছে। ফলে আইপিএল প্লে অফ শুরুর আগে লিগের ম্যাচগুলি যেদিন শেষ হবে সেদিন দুটি ম্যাচই একই সময়ে করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ৮ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। আগামী মরশুমের আইপিএলের জন্য নতুন দুই দলের নাম ঘোষণা হবে ২৫ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+