MS Dhoni: বিরল সেলফি! সাক্ষীর সঙ্গে ধোনির ছবি ঝড় তুলল নেটপাড়ায়
MS Dhoni: মহেন্দ্র সিং ধোনিকে পাওয়া গেল অন্য মেজাজে। মেরঠে স্ত্রী সাক্ষীকে নিয়ে ভারত তথা চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক গিয়েছিলেন একটি অনুষ্ঠানে।
সেখানে সস্ত্রীক হাজির ছিলেন ধোনির প্রাক্তন সতীর্থ আরপি সিংও। তারই ফাঁকে ধোনির সঙ্গে সেলফি তুলে নেন সাক্ষী, যা ঝড় তুলল নেটপাড়ায়।

মহেন্দ্র সিং ধোনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনেকদিন পরপর কোনও পোস্ট করেন। ইনস্টাগ্রামে এখনও অবধি তাঁর শেষ পোস্ট ১৯ সপ্তাহ আগের অনন্ত আম্বানির সঙ্গে রাধিকার বিয়ের অনুষ্ঠানের। তার আগের পোস্টটি ছিল ভারত টি২০ বিশ্বকাপ জেতার পর শুভেচ্ছা জানিয়ে।
ধোনির নতুন হেয়ার স্টাইল থেকে নানাবিধ ছবি, বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়। অন্যেরা পোস্ট করায়। স্ত্রী সাক্ষীও ধোনির সঙ্গে ছবি পোস্ট করে থাকেন। তবে দুজনের সেলফি কার্যত বিরলই বলা চলে।
সাক্ষী আজ কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, গতকাল রাতের কিছু মুহূর্ত। তাঁর ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানা গেল, মেরঠে সেলিম ও সুলেমান মার্চেন্টের প্রাইভেট কনসার্টে তাঁরা হাজির ছিলেন। সেলিম, সুলেমান ধোনির সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
তবে সাক্ষীর পোস্টগুলির মধ্যে সবচেয়ে ভাইরাল হয়েছে সেলফি। যাতে ধোনি রয়েছেন চুমু দেওয়ার ভঙ্গিমায়। পরবে কালো রংয়ের কুর্তা। ঝলমলে পোশাকে ধোনির পাশে হাসতে দেখা গিয়েছে সাক্ষীকে। এই ছবি তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
জনৈক ধোনি ভক্ত লিখেছেন, মাহিকে নিয়ে এমন পোজে একমাত্র সাক্ষীই সেলফি তোলাতে পারেন। কেউ আবার লিখেছেন, এটিই চলতি বছরের সেরা সেলফি। উল্লেখ্য, আইপিএল নিলামের টেবলে হাজির ছিলেন না ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন ধোনি। নিলাম পর্ব মিটতেই আপাতত খোশমেজাজে থালা। তাঁকে ৪ কোটি টাকায় রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস। মাঠে নামার আগে সাক্ষীর পোস্ট করা সেলফিতেই ফের ভক্তদের মাতিয়ে দিলেন মাহি।












Click it and Unblock the Notifications