MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর কেন ৭? খোলসা করলেন খোদ ক্যাপ্টেন কুল
MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর সকলেই জানেন। কিন্তু জানেন কি, এত সংখ্যা থাকতে কেন এই সংখ্যাটিকেই বেছে নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক?
এই প্রসঙ্গে নানা জল্পনা, ব্যাখ্যার কথা জানা গিয়েছে। কিন্তু এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ধোনি স্বয়ং। বেশ কয়েকটি ফ্যাক্টরের কথা মাথায় রেখেই জার্সি নম্বর বেছে নিতে বেশি সময় লাগেনি মাহির।

জেমস বন্ড বলতেই যেমন ০০৭, তেমনই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৭ নম্বর জার্সির সঙ্গে সাযুজ্য রেখেই ফুটবল-ভক্তরা ডাকেন সিআর সেভেন বলে। মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর ৭। ভারতীয় দল হোক, কিংবা চেন্নাই সুপার কিংস, সব জায়গাতেই ধোনির জার্সি নম্বর এটাই।
ক্রিকেটারদের জার্সি বিক্রি হয় বছরের বিভিন্ন সময়। খেলার সময় স্টেডিয়ামের বাইরেও। অনলাইনেও কেনা যায় জার্সি। গত বছরের আইপিএলে সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছিল ধোনিরই। কেন না, সকলেই ধরে নিয়েছিলেন গত মরশুমই ধোনির শেষ মরশুম। কিন্তু আইপিএল ফাইনালের পর বড় চমক দেন ধোনি।
আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস চ্য়াম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়ে দেন, বিভিন্ন জায়গায় যে ভালোবাসা পেয়েছেন, আবেগ লক্ষ্য করেছেন তাতে আরও একটি বছর খেলে সমর্থকদের আনন্দ দিতে চান ধোনি। ফলে এবারই যে ধোনি শেষবারের জন্য মাঠে নামছেন তা কার্যত নিশ্চিত।
মহেন্দ্র সিং ধোনি যখন ভারতীয় ক্রিকেটে আসেন তখন তাঁর মাথায় ছিল লম্বা চুল। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জেতার সময়ও। এক সমর্থকের কাছ থেকে পাওয়া একটি ছবি দেখে ফের লম্বা চুল রাখার সিদ্ধান্ত নেন মাহি। পায়ের চোট সারাতে অপারেশনও করিয়েছেন। আইপিএলে নামার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
ভাইরাল হয়েছে রাঁচিতে তাঁর বন্ধুর দোকানের নাম লেখা স্টিকার ব্যাটে লাগিয়ে ধোনির অনুশীলন। ক্রিকেট শুরুর সময় ওই বন্ধুর কাছ থেকেই ব্যাট উপহার পেয়েছিলেন ধোনি। অনেক আগেই তিনি জানিয়েছিলেন, ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে দর্শকদের তাঁর খেলা দেখার সুযোগ করে দিতে চান।
আইপিএলের পুরোটা যদি ভারতেই হয়, তাহলে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার কারণে উদ্বোধন ও ফাইনাল চেন্নাইয়েই হবে। ফলে ধোনির ক্রিকেটকে গুডবাই জানানোর আদর্শ মঞ্চ থাকবে প্রস্তুত। এরই মধ্যে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ধোনি জানালেন কেন তিনি সাত নম্বর বেছে নিয়েছিলেন।
ধোনির সরস মন্তব্য, আমার পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য যে দিনটি বাবা-মা বেছে নিয়েছিলেন তা হলো ৭ জুলাই। ফলে আমার জন্মের তারিখ ৭। জুলাই হচ্ছে ইংরাজি মাসের সপ্তম মাস। আমার জন্য ১৯৮১ সালে। ৮ থেকে ১ বাদ দিলে থাকে ৭। ফলে আমার কাছে যখন জানতে চাওয়া হয়েছিল কোন সংখ্যাটি আমি নিতে চাই, তখন ৭-কে বেছে নেওয়াই ছিল সবচেয়ে সহজ।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিসিসিআই একটি বড় পদক্ষেপের ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের জন্য তাঁর জার্সি নম্বরটিকে অমরত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আর চাইলেও কেউ ভারতীয় ক্রিকেটে ৭ নম্বর জার্সি ব্যবহার করতে পারবেন না। ধোনির আগে একমাত্র সচিনের ১০ নম্বর জার্সির ক্ষেত্রেও একই নিয়ম চালু করেছিল বিসিসিআই।












Click it and Unblock the Notifications