একেবারে বিন্দাস ক্যাপ্টেন কুল, অবসর ঘোষণার আগেও চিপকে অনুশীলন
একেবারে বিন্দাস ক্যাপ্টেন কুল, অবসর ঘোষণার আগেও চিপকে অনুশীলন
যতটা ঠান্ডা মাথায় দেশের ক্রিকেট দলকে পরিচালনা করতেন, অবসর নিয়ে ঠিক ততটাই বিন্দাস রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সূত্র মারফত জানা গিয়েছে, অবসর ঘোষণার ঠিক আগে চিপকে সিএসকের জার্সিতে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন ক্যাপ্টেন কুল। অনুশীলনে নামেন সুরেশ রায়নাও।

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ইভেন্টের প্রস্তুতি উপলক্ষ্যে চিপকে প্রস্তুতি শিবির শুরু করেছে চেন্নাই সুপার কিংস। সেখানে অংশ নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। ক্রিকেটের প্রতি এতটাই নিবেদিত প্রাণ যে এই ঐতিহাসিক সন্ধ্যাতেও ব্যাট হাতে নেটে নামতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না দুই রথি। তা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।
২০ অগাস্ট পর্যন্ত চিপক স্টেডিয়ামে আইপিএলের প্রস্ততি শিবির অনুষ্ঠিত হবে। সেখানে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, পীয়ূষ চাওলা, দীপক চাহার ছাড়াও যোগ দিয়েছেন আম্বাতি রায়ডু, কেদার যাদবের। ২১ অগাস্ট গোটা দল চেন্নাই থেকে দুবাই রওয়ান হবে বলে জানানো হয়েছে। জনপ্রিয় বুর্জ খলিফার কাছে এক হোটেলে ক্যাপ্টেন কুল ও তাঁর সতীর্থদের রাখা হবে বলে খবর।
ব্যক্তিগত কারণে চেন্নাই সুপার কিংস আয়োজিত আইপিএলের প্রস্তুতি শিবিরে হয়তো থাকতে পারবেন না দলের অন্যতম ভরসা তথা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্পিনার হরভজন সিং। তাঁরা দলের সঙ্গে দুবাইতে সরাসরি যুক্ত হবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে সিএসকের প্রস্তুতি শিবিরে বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ছাড়া প্রশিক্ষণ দলের অন্য কোনও সদস্য অংশ নেননি বলেই খবর।












Click it and Unblock the Notifications