MS Dhoni: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত ধোনি, ভারত ছাড়াও কাদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মাহি?
MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি এখন রয়েছেন রাঁচিতে। গতকালই তাঁকে জেএসসিএ স্টেডিয়ামে কান্ট্রি ক্রিকেট ক্লাবের টেনিস টুর্নামেন্টে কোর্টে দেখা গিয়েছিল ক্যাপ্টেন কুলকে। আজ তাঁর হাতে পৌঁছে গেল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে ধনঞ্জয় সিং ও ঝাড়খণ্ড বিজেপির সাধারণ সম্পাদক কর্মবীর সিং ধোনির বাসভবনে গিয়ে তাঁকে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে হাজির থাকার অনুরোধ জানিয়েছেন।

চলতি বছরের আইপিএলে সম্ভবত শেষবার দেখা যাবে ধোনিকে। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন খেতাব দখলে রাখার লড়াইয়ে। ক্রিকেট থেকে দূরে থাকলেও ধোনি পর্যাপ্ত সময় হাতে রেখেই নিজেকে আইপিএলের জন্য ফিট করে তোলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। টেনিস কোর্টে নেমে পড়া তারই অঙ্গ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ধোনির দখলে রয়েছে একাধিক রেকর্ড। তবে জানেন কি, ধোনি শুধু ভারতের হয়েই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেননি? ভারত-সহ দুটি দলের হয়ে ধোনি আন্তর্জাতিক ম্য়াচে মাঠে নেমেছেন। এবং তা দেশের মাটিতেই। একটি ম্যাচ হয়েছিল বেঙ্গালুরুতে, দুটি ম্যাচ চেন্নাইয়ে। ২০০৭ সালে।
২০০৭ সালের জুনে হয়েছিল অ্যাফ্রো-এশিয়া কাপ। এশিয়া একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন মাহেলা জয়বর্ধনে। এই সিরিজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল আইসিসি। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে এশিয়া একাদশ ৩৪ রানে হারিয়েছিল আফ্রিকা একাদশকে। এশিয়া একাদশে ধোনি ছাড়াও ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান।
ধোনি প্রথম ম্যাচে ২ রান করেন। চেন্নাইয়ে দ্বিতীয় ম্যাচে ৩১ রানে জেতে এশিয়া একাদশ। সেই ম্যাচে ধোনি করেছিলেন ৩৮ বলে ৩৩। বীরেন্দ্র শেহওয়াগ ৫২ রান করেছিলেন। সৌরভ ১১২ বলে সর্বাধিক ৮৮ রান করেছিলেন। যুবরাজ সিং ১৩ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন। এই ম্যাচে ভাজ্জি একাদশে ঠাঁই পাননি।
তৃতীয় ম্য়াচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মাহি। সেই ম্যাচটি এশিয়া একাদশ জিতেছিল ১৩ রানে। ১৫টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৯৭ বলে অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন ধোনি। ১০৬ বলে ১০৭ রান করেন মাহেলা জয়বর্ধনে। ধোনিই হয়েছিলেন ম্যাচের সেরা। এই ম্যাচটিতে আবার সৌরভ খেলেননি, ভাজ্জি দলে ছিলেন। ৪৮ রান খরচ করে তিনটি উইকেটও নেন।
ফলে একদিনের আন্তর্জাতিক ফরম্যাটেই ধোনি দুটি দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এশিয়া একাদশের হয়ে ৩ ম্যাচে ১৭৪ রান করেছেন, গড় ৮৭। ভারতের হয়ে ৩৪৭টি একদিনের আন্তর্জাতিকে ৯টি শতরান ও ৭৩টি হাফ সেঞ্চুরি-সহ ধোনির ১০৫৯৯ রান রয়েছে।












Click it and Unblock the Notifications