T20 World Record: শাহরুখের দলের হয়ে নেমে পুরানের বিশ্বরেকর্ড! টি২০ ক্রিকেটে চূর্ণ পাকিস্তানের ব্যাটারের কীর্তি
T20 World Record: টি২০ ক্রিকেটে আরও একটি বিশ্বরেকর্ডের দখল নিলেন নিকোলাস পুরান। সম্প্রতি তিনি ক্যালেন্ডার ইয়ারে টি২০-তে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি ছিনিয়ে নিয়েছিলেন।
এবার ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার চূর্ণ করলেন পাকিস্তানের ব্য়াটারের বিশ্বরেকর্ড। তাও আবার শাহরুখ খানের দলের জার্সি গায়ে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পুরান খেলছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে তিনি ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলার ফাঁকেই তিনি আরও একটি বিশ্বরেকর্ডের মালিক হয়ে গেলেন। ভেঙে দিলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের বিশ্বরেকর্ড।
একই ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি টি২০ রান করার নজির গড়লেন পুরান। আপাতত তিনি চলতি বছর টি২০-তে ২০৫৯ রান করেছেন। ২০২১ সালে রিজওয়ান টি২০-তে ২০৩৬ রান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি পুরান এবার খেলেছেন ত্রিনবাগো নাইট রাইডার্স, ডারবান সুপার জায়ান্টস, লখনউ সুপার জায়ান্টস, মুম্বই এমিরেটস, এমআই নিউ ইয়র্ক, নর্দার্ন সুপার চার্জার্স ও রংপুর রাইডার্সের হয়ে।
টি২০ আন্তর্জাতিক, ফ্র্যাঞ্চাইজি লিগ ও ঘরোয়া টি২০-র রান যোগ করেই এই বিশ্বরেকর্ড পুরানের। রিজওয়ান ২০২১ সালে ২০৩৬ রান করেছিলেন ৪৫টি ইনিংস খেলে, যার মধ্যে ছিল একটি শতরান ও ১৮টি অর্ধশতরান। গড় ছিল ৫৬.৬৬। ৪২ গড় রেখে পুরান বিশ্বরেকর্ড গড়তে নিলেন ৬৫টি ইনিংস। তিনি এবার শতরান পাননি। তবে ১৪টি অর্ধশতরান করেছেন। বেশ কয়েকবার তাঁর রান গিয়েছে নব্বইয়ের ঘরে।
পুরান ইনিংসের নিরিখে রিজওয়ানের থেকে পিছিয়ে থাকলেও স্ট্রাইক রেটে কিন্তু টেক্কা দিয়েছেন। চলতি বছর টি২০-তে পুরানের স্ট্রাইক রেট ১৬০.৬৩। বিশ্বরেকর্ড গড়ার সময় রিজওয়ানের চা ছিল ১৩২.০৩। ২০১৯ ও ২০২৩ সালের পর এই নিয়ে পুরান টি২০-তে এক হাজারের বেশি রান করলেন তৃতীয় বার। রিজওয়ান ও পুরান ছাড়া আর কেউ এক বছরে টি২০-তে ২ হাজারের বেশি রান করতে পারেননি।
পুরান বিশ্বরেকর্ড গড়লেন চলতি বছর ৬৬তম টি২০ ম্যাচে। তাঁর রান আপাতত ২০৫৯। রিজওয়ান ২০৩৬ করেছিলেন ৪৮তম টি২০ ম্যাচে। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ২০২২ সালে ৬১টি টি২০ ম্যাচে ১৯৪৬ রান করেছিলেন। ২০২৩ সালে ইংল্যান্ডের জস বাটলার ৫৬টি টি২০ ম্যাচ খেলে ১৮৩৩ রান করেন।
২০২২ সালে রিজওয়ান ৪৪টি টি২০ ম্যাচে ১৮১৭, ২০২১ সালে পাকিস্তানের বাবর আজম ৪৬টি টি২০ ম্যাচে ১৭৭৯, ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ৩৬টি টি২০ ম্যাচে ১৬৬৫, ২০২২ সালে পাকিস্তানের শান মাসুদ ৫৫টি টি২০ ম্যাচে ১৬৪৩, ২০১৬ সালে বিরাট কোহলি ৩১টি টি২০ ম্যাচে ১৬১৪ এবং ২০১৯ সালে বাবর আজম ৩৯টি টি২০ ম্যাচে ১৬০৭ রান করেছিলেন।












Click it and Unblock the Notifications