বিশ্বকাপে বিশ্বরেকর্ড তৈরি করলেন বিরাট কোহলি
বিশ্বকাপে বিশ্বরেকর্ড তৈরি করলেন বিরাট কোহলি
বড় মঞ্চের জন্য হয়তো বড় প্রতিভারা অপেক্ষা করে থাকেন। প্রায় তিন বছর রানের খরার মধ্যে থাকা বিরাট কোহলি হঠাৎ করেই এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নিজের ছন্দ খুঁজে পান। ওই ম্যাচে শতরানের পর আর ফিরে তাকাতে হয়নি বিরাটকে। একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন কোহলি। এ বার টি-২০ বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড তৈরি করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলেন বিরাট। পিছনে ফেলে দিলেন শ্রীলঙ্কার নক্ষত্র মহেলা জয়বর্ধনেকে।

এত দিন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রকারী ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মহেলা জয়বর্ধনে। প্রাক্তন এই শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যানের টি-২০ বিশ্বকাপে মোট রান ছিল ১০১৬। ২০১৪ বিশ্বকাপের শেষে এই রেকর্ডই এতদিন পর্যন্ত অক্ষূন্য ছিল, কিন্তু অ্যাডিলেডের মাটিতে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন কোহলি। ভারতের ইনিংসের সাত নম্বর ওভারে তাসকিন আহমেদের বল মিড উইকেটে ফ্লিক করে সিঙ্গল নেওয়ার সঙ্গেই নতুন ইতিহাস তৈরি করেন বিরাট।
এটি বিরাট কোহলির কেরিয়ারের পঞ্চম টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপেল মাত্র ২৩ নম্বর ইনিংসে বিশ্ব রেকর্ড তৈরি করে এই ইভেন্টের সর্বাধিক রান সংগ্রকারী হলেন বিরাট। জয়বর্ধনেকে বিশ্বকাপে সর্বাধিক রান করার জন্য খেলতে হয়েছিল ৩১টি ইনিংস। যদিও কোহলির থেকে কম বল খেলে জয়বর্ধনে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। তাঁর লেগেছিল ৭৫৪টি বল। সেখানে বিরাট কোহলি নিলে ৭৭৩টি বল। ২০১২ সালে প্রথম বার টি-২০ বিশ্বকাপ খেলেন কোহলি। ওই সংস্করণে তিনি করেছিলেন ১৮৫ রান। ২০১৪ সালের সংস্করণে সর্বাধিক রান সংগ্রহকারী হন বিরাট। ২০১৬ সালে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০১৪ এবং ২০১৬ সালে প্রতিযোগীতার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলে বিরাট।
টি-২০ বিশ্বকাপে মোট ছয়টি ম্যাচের সেরার পুরস্কার পেয়েছে বিরাট কোহলি, যা এখনও একটি রেকর্ড। এত সংখ্যক বার টি-২০ বিশ্বকাপের ইতিহাসের কোনও ক্রিকেটার ম্যাচের সেরা নির্বাচিত হননি। চলতি টি-২০ বিশ্বকাপ কোহলি শুরু করেন ঝুলিতে ৮৪৫ রান নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ রানে আউট হওয়ার আগে পাকিস্তান, নেদরল্যান্ডসের বিরুদ্ধে অর্ধ-শতরান করেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট থেকে অপরাজিত ৬৪ রানের ইনিংস। কোহলি এই বারের প্রতিযোগীতায় পিছনে ফেলে দিয়েছেন তিলকরত্নে দিলশান (৮৯৭ রান), রোহিত শর্মা (৯০৪ রান) এবং ক্রিস গেইলকে (৯৬৫ রান)।












Click it and Unblock the Notifications