লড়াই গিলক্রিস্টের সঙ্গে ধোনির, বাকিরা কমবেশি দর্শক! পরিসংখ্যানও বড় অদ্ভুত!
লড়াই গিলক্রিস্টের সঙ্গে ধোনির, বাকিরা কমবেশি দর্শক! পরিসংখ্যানও বড় অদ্ভুত!
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয় ব্যাটসম্যান ও বোলারদের লড়াই দেখতে যেমন মুখিয়ে থাকবে ক্রিকেট দুনিয়া, তেমনই চর্চা জারি থাকবে দুই দলের উইকেটরক্ষকদের নিয়েও। অ্যাডিলেড ওভালে টিম ইন্ডিয়ার হয়ে উইকেটের পিছনে কে দাঁড়াবেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সেসবের মধ্যে দেখে নেওয়া যাক বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে সফল উইকেটরক্ষক কারা।

অ্যাডাম গিলক্রিস্ট
১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফির অধীনে ১৮টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৭৫ জন ব্যাটসম্যানকে তিনি আউট করেছেন। তাতে অন্তর্ভূক্ত ৭৩টি ক্যাচ ও দুটি স্ট্যাম্পিং।

এমএস ধোনি
তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রেট মহেন্দ্র সিং ধোনি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৭১ জন ব্যাটসম্যানকে আউট করেছেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক। তাতে ৫৬টি ক্যাচ ও ১৫টি স্ট্যাম্প অন্তর্ভূক্ত রয়েছে।

ব্র্যাড হাডিন
২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে ১৩টি ম্যাচ উইকেটের পিছনে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হাডিন। ৫৬টি ক্যাচ ও দুটি স্ট্যাম্প সহ মোট ৫৮ জন ভারতীয় ব্যাটসম্যানকে আউট করেছেন অজি ক্রিকেটার।

টিম পেইন
অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ২১ জন ব্যাটসম্যানকে আউট করেছেন টিম। ২১টিই ক্যাচ।

এক সিরিজে সবচেয়ে বেশি সফলতা
বর্ডার-গাভাসকর ট্রফির এক সিরিজে উইকেটের পিছনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ব্যাটসম্যানকে আউট করার রেকর্ড রয়েছে অ্যাডাম গিলক্রিস্টের ঝুলিতে। ২০০৭-২০০৮ মরসুমে ভারতের বিরুদ্ধে চার ম্যাচ খেলে ২৫ জন ব্যাটসম্যানের ক্যাচ নিয়েছিলেন গিলি। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাড হাডিন ২০১৪-২০১৫ মরসুমে উইকেটের পিছনে দাঁড়িয়ে ২২ জন ব্যাটসম্যানকে আউট করেছিলেন। তার মধ্যে ২১টি ক্যাচ ও একটি স্ট্যাম্প।












Click it and Unblock the Notifications