মন্ত্রী মনোজ তিওয়ারির নজিরবিহীন শতরানে বড় জয় মোহনবাগানের
ময়দানে নজিরবিহীন ঘটনা। মন্ত্রী হিসেবে এর আগে ক্রিকেট মাঠে দেখা গিয়েছে লক্ষ্মীরতন শুক্লাকে। তবে আপাতত তিনি রাজনীতি থেকে সরে পুরোপুরি জড়িয়ে গিয়েছেন ক্রিকেটে, কোচের দায়িত্ব পালন করছেন বাংলার সাপ্লাই লাইন তৈরির লক্ষ্যে। লক্ষ্মীর ছেড়়ে আসা ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী পদে এখন বাংলার আরেক প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি এদিন দুরন্ত শতরান হাঁকালেন ক্রিকেটের নন্দনকাননে।

সিএবির প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে আজ মোহনবাগানের খেলা ছিল ওয়াইএমসিএর বিরুদ্ধে। ইডেনে ৪১.২ ওভারে ওয়াইএমসিএ ১৭৩ রানে অল আউট হয়ে গিয়েছিল। ৩৫ রানের বিনিময়ে চার উইকেট নেন নীলকণ্ঠ দাস। জবাবে খেলতে নেমে কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহনবাগান। মনোজ তিওয়ারি ১০০ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও ৬টি ছয়। গতকালের মতো এদিনও হাত ঘোরান মনোজ, তবে ২ ওভার বল করে কোনও উইকেট পাননি। মনোজকে যোগ্য সঙ্গত দিয়ে ৬২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরন। ২৬.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহনবাগান।

তৃণমূল কংগ্রেসে যোগদানের পর এবারের বিধানসভা নির্বাচনে শিবপুর থেকে জয়লাভ করে বিধায়ক হন মনোজ। তাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। তবে মনোজ তিওয়ারি বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি ২০ ও বিজয় হাজারে ট্রফি খেলেননি। নতুনদের সুযোগ করে দিতেই তিনি এই দুই টুর্নামেন্টে খেলেননি। কিন্তু রঞ্জি ট্রফিতে খেলার বিষয়ে তিনি মনস্থির করে ফেলেছেন।

সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে বাংলা দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন মনোজ তিওয়ারি। রঞ্জি জয়ের খরা মেটানোর লক্ষ্যেই তিনি ফের বাংলার হয়ে মাঠে নামবেন। হাঁটুর চোট সারিয়ে তিনি এখন পুরোপুরি ফিট। শরীরচর্চার পাশাপাশি বাংলা দলের সঙ্গে অনুশীলন যেমন করছেন, তেমনই চেনা ছন্দে থাকতে ম্যাচ প্র্যাকটিসের উপর বাড়তি গুরুত্ব দিয়েছেন তিনি। তাই ক্লাব ক্রিকেটেও তিনি যথেষ্ট সিরিয়াস। ব্যাটিং, বোলিং সবই করছেন। পাখির চোখ রঞ্জি জয়। সমালোচনাকেও পাত্তা দিচ্ছেন না। রাজ্যের মন্ত্রী মাঠে নেমে পুরোপুরি ক্রিকেটেই ফোকাসড। ব্যস্ততার মধ্যেও রঞ্জির জন্য কাঙ্ক্ষিত ফিটনেস ধরে রেখে সাফল্যের সন্ধানে হাঁটছেন মন্ত্রী মনোজ। গতকালের ম্যাচে রান না পেলেও এদিনের শতরান নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।
ছবি- সিএবি












Click it and Unblock the Notifications