Mohammed Siraj: মহম্মদ সিরাজকে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, ভারতীয় পেসারের জন্য বিরাট ঘোষণা করল তেলঙ্গানা সরকার
Mohammed Siraj: মহম্মদ সিরাজকে সংবর্ধিত করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। সেই সঙ্গে সিরাজের জন্য দুটি বিরাট ঘোষণা করা হলো তেলঙ্গানা সরকারের তরফে।
টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন হায়দরাবাদের সিরাজ। বছর ৩০-এর এই পেসার নিজের শহরে ফিরে ভেসে গিয়েছিলেন উষ্ণ অভ্যর্থনার জোয়ারে।

এবারের টি২০ বিশ্বকাপে সিরাজ সুপার এইটে ভারতের হয়ে কোনও ম্যাচেই সুযোগ পাননি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে ম্যাচগুলি হয়েছে তাতে একজন পেসার কমিয়ে কুলদীপ যাদবকে খেলায় ভারত। ফলে সিরাজকে থাকতে হয়েছিল প্রথম একাদশের বাইরে।
অবশ্য সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহালের মতো অবস্থায় পড়তে হয়নি সিরাজকে। ওই তিন ক্রিকেটার এবারের বিশ্বকাপে মূল দলে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সিরাজ অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পেস সহায়ক পিচে তিনটি ম্যাচে খেলেছিলেন।
টি২০ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে প্রস্তুতি ম্য়াচ খেলেছিল তাতে সিরাজ ১৭ রান খরচ করে একটি উইকেট নিয়েছিলেন। টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৩ রান দিয়ে ১ উইকেট পান সিরাজ। পাকিস্তান ম্যাচে ৭ রানে অপরাজিত ছিলেন, বল হাতে ১৯ রান দিলেও উইকেট পাননি। আমেরিকার বিরুদ্ধে ২৫ রান দেন, উইকেট পাননি।
সিরাজ এদিন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁকে সংবর্ধিতও হন। এরপরই তেলঙ্গানার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, সিরাজকে সরকারি চাকরি দেওয়া হবে। সেই সঙ্গে তাঁর বাড়ি তৈরির জন্য একটি রেসিডেন্সিয়াল প্লট দেওয়া হবে। হায়দরাবাদ বা লাগোয়া কোনও এলাকায় উপযুক্ত জমি চিহ্নিতকরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সিরাজ ভারতের হয়ে ২৭টি টেস্টে ৭৪টি উইকেট নিয়েছেন। ৪১টি একদিনের আন্তর্জাতিকে তিনি ৬৮টি উইকেট ঝুলিতে পুরেছেন। টি২০ আন্তর্জাতিকে সিরাজের ১৩ ম্যাচে ১৩টি শিকার রয়েছে। টি২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরে বিশ্বকাপের মেডেল মাকে পরিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়, সিরাজ প্রশংসিতও হন।












Click it and Unblock the Notifications