আপডেট দেওয়া আমার কাজ নয়, রঞ্জি খেললে ৫০ ওভারের ম্যাচেও পারি, আগরকরের মন্তব্যের পাল্টা দিয়ে সরব শামি
অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজের দলে রাখা হয়নি মহম্মদ শামিকে। কাল থেকে ইডেনে রঞ্জি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলার হয়ে মাঠে নামবেন শামি।
আজ তিনি যোগ দেন ইডেনে বাংলা দলের অনুশীলনেও। বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লার দাবি, শামি গতবারের চেয়েও বেশি ফিট। এই আবহে প্রধান নির্বাচক অজিত আগরকরের বিরুদ্ধে তোপ দাগলেন শামি।

চোট সারিয়ে মাঠে ফিরলেও শামিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং তারপর এশিয়া কাপের দলে রাখা হয়নি। চলতি বছর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। সেই দলে থাকা সত্ত্বেও শামির নাম নেই অস্ট্রেলিয়া সফরের দলে। আগরকর বলেছিলেন, শামি সংক্রান্ত আপডেট তাঁর কাছে নেই। তাছাড়া বিগত কয়েক বছরে শামি খুব বেশি ক্রিকেট খেলেননি।
শামি আজ ইডেনে দাঁড়িয়ে বলেন, "আমি আগেও বলেছি। দল নির্বাচন আমার হাতে নেই। যদি ফিটনেসের কোনও সমস্যা থাকতো, তাহলে আমি এখানে বাংলার হয়ে খেলতাম না। আমার মনে হয়, এ বিষয়ে কথা বলে বিতর্ক তৈরি করার প্রয়োজন নেই। যদি আমি চার দিনের ম্যাচ (রঞ্জি ট্রফি) খেলতে পারি, তবে আমি ৫০ ওভারের ক্রিকেটও খেলতে পারি।"
এরপরই তিনি বলেন, "আমার ফিটনেস সম্পর্কে আপডেট দেওয়া আমার কাজ নয়। আমার কাজ হলো এনসিএ (সেন্টার অব এক্সেলেন্স)-তে যাওয়া, প্রস্তুতি নেওয়া এবং ম্যাচ খেলা। আর ম্যাচ খেলার সুযোগ পেলেই তো খেলব। আমি খেলি। যখন ম্যাচ থাকে না তখন অনুশীলন করি। সব সময় আমি ১০০ শতাংশ দিতে প্রস্তুত।"
শামির কথায়, "আমি সবসময় বলি যে দেশের জন্য সেরা দল নির্বাচন করা উচিত। এটা দেশের ব্যাপার। দেশের জয় হওয়া উচিত। আমাদের সকলের খুশি হওয়া উচিত। আমি সবসময় এটাই বলি। লড়তে থাকো, ম্যাচ খেলতে থাকো। যদি ভালো পারফর্ম করো, তবে তোমারও উপকার হবে। দল নির্বাচন আমার হাতে নেই। আমি কেবল প্রস্তুতি নিতে এবং ম্যাচ খেলতে পারি। আমার কোনও আপত্তি নেই... যদি আমাকে নির্বাচন না করো, তাহলে আমি এখানে এসে বাংলার হয়ে খেলব। আমার এতে কোনও সমস্যা নেই।"












Click it and Unblock the Notifications