মহম্মদ শামি ফিটনেস টেস্টে ব্যর্থ হতেই অবসর নিতে উদ্যত! কীভাবে সামলানো গিয়েছিল পরিস্থিতি?
মহম্মদ শামি ২০১৮ সালে ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন। ভরত অরুণ এরপর তাঁকে নিয়ে যান রবি শাস্ত্রীর কাছে। শাস্ত্রীর পরামর্শ মানাতেই সম্ভব হয়েছিল দুরন্ত কামব্যাক।
মহম্মদ শামি ফিটনেস টেস্টে ব্যর্থ হয়ে অবসর নিতে চেয়েছিলেন। ২০১৮ সালের সেই ঘটনার কথা প্রকাশ্যে আনলেন ভারতের তৎকালীন বোলিং কোচ ভরত অরুণ। অরুণই সেই সময় শামিকে নিয়ে যান রবি শাস্ত্রীর কাছে। ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর সুপরামর্শেই পরবর্তীকালে শামির দারুণ প্রত্যাবর্তন সম্ভব হয় হলে দাবি অরুণের।

২০১৮ সালে ভারতের ইংল্যান্ড সফরের দলে ফিটনেসজনিত কারণেই জায়গা পাননি শামি। তিনি ইয়ো ইয়ো টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। অরুণ জানিয়েছেন, ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় শামি দল থেকে বাদ পড়েন এবং আমাকে ফোন করে বলেন, কিছু কথা রয়েছে। শামিকে আমার ঘরে আসতে বলি। সে সময় তাঁর ব্যক্তিগত জীবনেও কিছু সমস্যা চলছিল। তাঁর ফিটনেস প্রত্যাশিত মানের ছিল না। মানসিকভাবেও শামি ভেঙে পড়েন। শামি সেদিন অরুণকে বলেন, আমার খুব রাগ হচ্ছে। আমি ক্রিকেটই ছেড়ে দেব।
এরপরই শামিকে নিয়ে সটান রবি শাস্ত্রীর কাছে যান ভরত অরুণ। ভারতের তৎকালীন হেড কোচের ঘরে ঢুকে অরুণ বলেন, রবি, শামির কিছু বলার আছে। শামি তখন রবি শাস্ত্রীকেও একই কথা বলেন। শামির কথা শুমে রবি ও অরুণ জানান, ক্রিকেট না খেলে তিনি কী করতে চান? বল হাতে কী করণীয় সেটা শামির অজানা নয়, কিন্তু ক্রিকেটের বাইরে তিনি কী করতে চান সেটা জানতে চাওয়া হয়। ইংল্যান্ড সফরে সুযোগ পান নভদীপ সাইনি। তবে শাস্ত্রী সে সময় শামিকে মাসখানেকের জন্য বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে পাঠান। শাস্ত্রীর পদক্ষেপ যে ঠিকই ছিল তা পরে সত্যি প্রমাণ করেছে শামির দুরন্ত কামব্যাক।
রবি শাস্ত্রী সেদিন মহম্মদ শামিকে বলেছিলেন, দেখে ভালো লাগছে যে তুমি রেগে রয়েছো। তোমার কেরিয়ারের সেরা জিনিসটিই হয়েছে। বোলিং কীভাবে করতে হবে সেটা মাথায় রয়েছে, কিন্তু ফিটনেস ভালো জায়গায় নেই। রাগটা শরীর থেকে ঝেড়ে ফেলো। এনসিএতে চার সপ্তাহ কাটাও। কলকাতায় বাড়ি না গিয়ে সোজা এনসিএতে যাও। ভরত অরুণ বলেন, সে সময় শামি কলকাতায় গেলে সমস্যা হতে পারতো। তাই তিনি ৫ সপ্তাহ এনসিএতেই অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখেন। এরপর শামি ভরতকে ফোন করে বলেন, আমাকে এখন যত খুশি দৌড় করাতে পারেন। ওই পাঁচ সপ্তাহেই শামি বুঝে গিয়েছিলেন, ফিটনেস কেরিয়ারে কতটা গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications