Mohammed Shami: অস্ট্রেলিয়া সফরে ব্রাত্যই থাকছেন শামি, তারকা পেসারের ফিটনেস নিয়ে আপডেট দিল বিসিসিআই
বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্রাত্যই থাকছেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টেও ভারতীয় দলে জায়গা হচ্ছে না বাংলা দলের তারকা পেসারের। সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে শামির ফিটনেস আপডেট দেওয়া হল। সেখানে যা উল্লেখ করা আছে তাতে শামির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে আরও কিছুটা সময় লাগবে।
বছর শেষে ফিট সার্টিফিকেট পেলেন না মহম্মদ শামি। বিগত কয়েক মাস ধরেই বর্ডার গাভাস্কার ট্রফিতে স্বামীর অন্তর্ভুক্তি নিয়ে জোর জল্পনা চলছিল। সিরিজের তিনটি টেস্ট হয়ে গিয়েছে। এখনো বাকি দুটি ম্যাচ কিন্তু এই দুটি ম্যাচেও ভারতীয় দলে জায়গা হল না শামির। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি শামি।

শামির অস্ট্রেলিয়া যাত্রা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু এনসিএ থেকে পুরো ফিট সার্টিফিকেট না পাওয়ায় শেষ দুটি টেস্ট ম্যাচে দলে জায়গা হচ্ছে না শামির। আপাতত ফিটনেসের উন্নতি করতে হবে শামিকে। যাতে টেস্ট বা আন্তর্জাতিক ম্যাচের ধকল তিনি নিতে পারেন।
সোমবার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিএ এবং বিসিসিআই মেডিকেল টিম ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামিকে নজরে রেখেছেন। তাঁর ডান গোড়ালির অস্ত্রোপচারের পরে রিহ্যাবের সময় ঘনিষ্ঠভাবে কাজ করছে। এই গোড়ালির সমস্যা থেকে পুরোপুরি সেরে উঠেছেন শামি।
একইসঙ্গে বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, শামি এর মধ্যে রঞ্জি ট্রফি এবং মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলেছেন। বেশি মাত্রায় বোলিং করার চাপ থেকেই জয়েন্ট লোডিং বৃদ্ধির কারণে তাঁর বাম হাঁটু সামান্য ফুলে গিয়েছে। দীর্ঘ সময়ের পর বোলিংয়ের ওভার বৃদ্ধি করার কারণে ফোলা ভাবটা রয়েছে এরফলে তাঁকে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য বিবেচনা করা হচ্ছে না।
কয়েক মাস আগেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন শামি। বাংলার হয়ে রঞ্জিত ট্রফির একটি ম্যাচ খেলার পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে অংশ নিয়েছিলেন তারকা পেসার। কিন্তু বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে তাঁকে বিশ্রামে রাখা হয়। এরপর থেকেই শামির ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সীমিত ওভারে ক্রিকেটে বোলিং করলেও শামি টেস্ট ম্যাচের ধকল নিতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। অবশেষে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হল এখনই টেস্ট দলের জন্য শামিকে ভাবনা চিন্তা করা হচ্ছে না।












Click it and Unblock the Notifications