সৌরভ বনাম ধোনি, কাকে সেরা ভারতীয় অধিনায়ক বাছলেন কাইফ এবং কেন?
সৌরভ বনাম ধোনি, কাকে সেরা ভারতীয় অধিনায়ক বাছলেন কাইফ এবং কেন?
এমএস ধোনি নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ভারতীয় ক্রিকেট দলের সেরা অধিনায়ক বাছলেন দেশের প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ কাইফ। এর পিছনে সুনির্দিষ্ট কারণও দর্শীয়েছেন ভারতের অন্যতম সেরা ফিল্ডার। যদিও তিনি নিজেকে দেশের সেরা ফিল্ডার বলে মনে করেন না। কিন্ত কেন, তা জেনে নিন।

অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। সেখান থেকেই টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছিলেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছিল ভারত। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল মহারাজকে। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড।

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে গড়া যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, আশিস নেহরা, বীরেন্দ্র শেহওয়াগ সম্বৃদ্ধ এক শক্তিশালী ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি নিজেও মহারাজের হাতে গড়া বললে ভুল হবে না। সেই সঙ্গে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারদের পেয়ে ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিলেন মাহি। দেশকে ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফিও তুলে দিয়েছেন এমএস। তুলনামূলক বেশিদিন দেশের অধিনায়ক থাকা ধোনি ৬০টির মধ্যে ভারতীয় দলকে ২৭টি টেস্ট ম্যাচে জয় এনে দিয়েছেন। অন্যদিকে এমএস-র নেতৃত্বে ১৯৯টি ওয়ান ডে-র মধ্যে ১১০টিতে জিতেছে ভারত। ৭২টি টি-টোয়েন্টির মধ্যে ৪১টি ম্যাচে দেশকে জয় উপহার দিয়েছেন মাহি।

কী বললেন কাইফ
গত দুই দশক এবং তার কিছু বেশি সময় ধরলে, ভারতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অধিনায়ক আসেনি বলে মনে করেন মহম্মদ কাইফ। তাঁর কথায়, সৌরভ যখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব হাতে পেয়েছিল, তখন দেশের ক্রিকেট কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। পিছিয়ে পড়া সেই ভারতীয় দলকে নতুন করে তৈরি করে মহারাজ বিশ্ব ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছিলেন বলে দাবি মহম্মদ কাইফের। তাঁর কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের লক্ষ্য অন্যরকম ছিল। আর সে জন্যই বিসিসিআই সভাপতি দলে তাঁর মতো তরুণ ক্রিকেটারদের জায়গা দিয়েছিলেন বলে জানিয়েছেন মহম্মদ কাইফ।

সেরা ফিল্ডার
তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার বলা হলেও, নিজে তা মানেন না মহম্মদ কাইফ। তাঁর মতে, প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা ও যুবরাজ সিং, ভারতের দুই সেরা ফিল্ডার। কাইফের তালিকায় মহম্মদ আজহারউদ্দিন, রবিন সিং-রাও জায়গা পেয়েছেন। বর্তমান ভারতীয় দলে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া সেরা ফিল্ডার বলে জানিয়েছেন মহম্মদ কাইফ।












Click it and Unblock the Notifications