মোহালিতে জামানত জব্দ লঙ্কাবাহিনীর, রোহিত বিক্রমে ১৪১ রানের বিশাল জয় ভারতের
মোহালির ব্যাটিং পিচে রোহিত অ্যান্ড কোংয়ের ব্যাটিং বিক্রমে ১৪১ রানে ম্যাচ হারতে হল শ্রীলঙ্কাকে। তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১।
ধর্মশালার অ্যাডভান্টেজ মোহালিতে এগিয়ে নিয়ে যেতে পারল না শ্রীলঙ্কা। ফিরে এল পুরনো ফর্মে। রোহিত শর্মার ভারতের ঘুম ভাঙতেই শীতঘুমে চলে গেল শ্রীলঙ্কা। ধর্মশালায় ভারতকে পেস আক্রমণ করে ১১২ রানে গুটিয়ে দিয়ে সাত উইকেটে ম্যাচ জিতেছিল লাকমল, উপল থরাঙ্গার দল।

তবে মোহালির ব্যাটিং পিচে রোহিত অ্যান্ড কোংয়ের ব্যাটিং বিক্রমে ১৪১ রানে ম্যাচ হারতে হল। তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। তৃতীয় একদিনের ম্যাচে যে দল জিতবে, সিরিজ পকেটে পুরবে তাঁরাই।
এদিন প্রথমে ব্যাট করে ভারত ৪ উইকেটে ৩৯২ রান করে। ২০৮ রানের অনবদ্য দ্বিশতরানের রেকর্ড গড়েন রোহিত শর্মা। এই নিয়ে তিনটি দ্বিশতরান করলেন তিনি যে রেকর্ড বিশ্ব ক্রিকেটে আর কারও নেই। রোহিতের পাশাপাশি এদিন শিখর ধাওয়ান ৬৮ রান ও শ্রেয়স আইয়ার ৮৮ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে এত বিশাল রানের পাহাড়ের নিচে চাপা পড়ে লঙ্কা ব্যাটিং। একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনি করেন অপরাজিত ১১১ রান। বাকী আসেলা গুণরত্নে (৩৪ রান), ডিকওয়েলা (২২ রান), থিরিমান্নেরা (২১ রান) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।
ভারতের হয়ে এদিন যুজবেন্দ্র চাহাল ৩টি, জসপ্রীত বুমরাহ ২টি ও ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ১টি করে উইকেট নিয়েছেন।
আগামী রবিবার বিশাখাপত্তনমে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ রয়েছে সিরিজের। এখানে যে দল জিতবে, তাঁরাই সিরিজ পকেটে পুরবে।












Click it and Unblock the Notifications