প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজির গড়লেন মিতালি রাজ
অনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। বিশ্বে দ্বিতীয় এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি পূর্ণ করলেন আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান।

প্রথম ভারতীয়
আজ লখনউয়ে সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছে মহিলা ক্রিকেট দল। সেই ম্যাচেই এদিন ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলস্টোন পেরিয়ে যান মিতালি। তার আগে মহিলাদের ক্রিকেটে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লটি এডওয়ার্ডসই একমাত্র ১০ হাজারের বেশি রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

লম্বা সফর
এদিন চারে ব্যাট করতে নেমে মিতালি রাজ ৫টি চারের সাহায্যে ৫০ বলে ৩৬ রান করেন। এর ফলে একদিনের আন্তর্জাতিকে ২১১টি ম্যাচে তাঁর মোট রান দাঁড়াল ৬,৯৭৪। কেরিয়ারে মোট রান হলো ১০,০০১। একদিনের আন্তর্জাতিকে তাঁর শতরান সাতটি এবং ৫৪টি অর্ধশতরান রয়েছে। টি ২০-তে তাঁর ২,৩৬৪ রান রয়েছে। পাশাপাশি ১০টি টেস্টে ৬৬৩ রান করেছেন মিতালি। ১৯৯৯ সালে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় মিতালি রাজের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বাধিক রান অপরাজিত ১২৫। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক তাঁর অভিষেক ম্যাচেই ১১৪ রানে অপরাজিত ছিলেন মিতালি। মিতালির টেস্ট অভিষেক হয় ২০০২ সালে। সেই দলের অধিনায়ক অঞ্জুম চোপড়াও খুশি মিতালির কৃতিত্বে।

অভিনন্দন ও শুভেচ্ছা
আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার এই অনন্য নজির গড়ায় মিতালিকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই। প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর এই অসামান্য কৃতিত্বের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মিতালিকে। টেস্টে ১টি ও একদিনের আন্তর্জাতিকে সাতটি, রাজস্থানের মিতালির ঝুলিতে তাই সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আটটি শতরান রয়েছে। টি ২০ আন্তর্জাতিকে তাঁর সর্বাধিক রান অপরাজিত ৯৭। টেস্টে চারটি, একদিনের আন্তর্জাতিকে ৫৪টি ও টি ২০-তে ১৭টি অর্ধশতরান রয়েছে মিতালির। টেস্টে মিতালির ব্যাটিং গড় ৫১। একদিনের আন্তর্জাতিকে ৫০.৬৪।

আজকের ম্যাচে
আজ তৃতীয় একদিনের আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৮ রান তোলে ভারত। ১১টি চারের সাহায্যে ১০৮ বলে সর্বাধিক ৭৭ রান করেন পুণম রাউত। মিতালি ও হরমনপ্রীত কউর দুজনেই ৩৬ রানে আউট হন। ৩৬ রানে অপরাজিত থাকেন বাংলার দীপ্তি শর্মা। ৪৯ বলের ইনিংসে ২টি বাউন্ডারিও মারেন দীপ্তি। স্মৃতি মান্ধানা করেন ২৫।
ছবি- বিসিসিআই টুইটার












Click it and Unblock the Notifications