অস্ট্রেলিয়াগামী ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেতা মিতালি ও হরমনপ্রীত, প্রত্যাবর্তন রাজেশ্বরীর
মিতালি রাজ ও হরমনপ্রীত কৌরকে নেতা করে অস্ট্রেলিয়ায় মহিলা ক্রিকেট দল পাঠাচ্ছে বিসিসিআই।
মিতালি রাজ ও হরমনপ্রীত কৌরকে নেতা নির্বাচন করে অস্ট্রেলিয়ায় মহিলা ক্রিকেট দল পাঠাচ্ছে বিসিসিআই। ওই সফরের টেস্ট এবং ওয়ান ফর্ম্যাটে ভারতের মহিলা ক্রিকেট দলকে নেতৃ্ত্ব দেবেন মিতালি। প্রত্যাশা মতোই টি২০ ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। দলে রাজেশ্বরী গায়েকোয়াড়ের প্রত্যাবর্তন ঘটলেও অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতীয় শিবির থেকে বাদ পড়েছেন প্রিয়া পুনিয়া ও ইন্দ্রাণী রায়।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রতিদ্বন্দ্বিতায় নামবে ভারতের মহিলা ক্রিকেট দল। ১৯, ২২ এবং ২৪ সেপ্টেম্বর যথাক্রমে নর্থ সিডনি ওভাল (প্রথম ম্যাচ) ও জংশন ওভালে (শেষ দুটি ম্যাচ) দুই দলের মধ্যে তিনটি ওয়ান ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক দিন রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে পারথের ওয়াকা গ্রাউন্ডে। ইতিহাসে প্রথম বার গোলাপি বলে টেস্ট খেলতে চলা দেশের মহিলা ক্রিকেট দলের থেকে লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়ালে ৩ অক্টোবর শেষ হওয়ার কথা ওই টেস্ট।
আগামী ৭ অক্টোবর প্রথম টি২০তে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। নর্থ সিডনি ওভালে হবে খেলা। একই মাঠে ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিতীয় টি২০ ম্যাচ। নর্থ সিডনি ওভালেই ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে তৃতীয় টি২০ ম্যাচ দিয়ে মোকাবিলা শেষ হবে। রাজেশ্বরী গায়েকোয়াড়ের পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সফরের জন্য ভারতীয় দলে মেঘনা সিং, রেণুকা সিং ও ইয়াসতিকা ভাটিয়ার ডাক পড়েছে।
কয়েক মাস আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে, টি২০ সিরিজ খেলেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। দুই সিরিজেই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল ওমেন ইন ব্লুকে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ড্র করতে সক্ষম হয়েছিলেন মিতালি রাজরা। সেই সিরিজ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ভারতীয় মহিলা ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সফরে কাজে আসবে বলে মনে করেন দেশের ক্রিকেট প্রেমীরা।
অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত টেস্ট ও ওয়ান ডে দল : মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর (সহ অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, পুনম রাউত, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, ইয়াসতিকা ভাটিয়া, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শিখা পান্ডে, ঝুলন গোস্বামী, মেঘনা সিং, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়েকোয়াড়, পুনম যাদব, রিচা ঘোষ, একতা বিস্ত।
অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত টি২০ দল : হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, ইয়াসতিকা ভাটিয়া, শিখা পান্ডে, মেঘনা সিং, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়েকোয়াড়, পুনম যাদব, রিচা ঘোষ (উইকেটরক্ষক), হারলিন দেওল, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব, রেণুকা সিং ঠাকুর।












Click it and Unblock the Notifications