Mitchell Starc-Alyssa Healy: স্ত্রী-র ব্যাট চুরি করেই অ্যাশেজ খেলছেন মিচেল স্টার্ক!
ক্রিকেট মাঠে তারকা দম্পতির অভাব নেই। অনেক ক্রিকেটারই জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন অভিনেত্রী-মডেল থেকে শুরু করে এমনকি ক্রীড়াবিদদেরও। কিন্তু মিচেল স্টার্ক এবং অ্যালিসা হিলি হলেন ক্রিকেট দম্পতি। দুই জনেই খেলেন অস্ট্রেলিয়া জাতীয় দলে। দুই জনেই একই পেশায় থাকলে কতটা সুবিধা পাওয়া যায়, তা বোঝা গেল মিচেল স্টার্কের কথায়।
মিচেল স্টার্কই সম্ভবত প্রথম ক্রিকেটার, যিনি পুরুষদের টেস্ট ক্রিকেটে তাঁর স্ত্রীর ব্যাট নিয়ে খেলেছেন। দুই একটি ম্যাচ নয়। গত সাত মাস ধরে ক্রিকেটার স্ত্রী অ্যালিসা হিলির ব্যাটেই ক্রিকেট খেলেছেন স্টার্ক। সম্প্রতি সেই অজানা তথ্যই প্রকাশ্যে এনেছেন অজি ক্রিকেটার।

কেন নিজের ব্যাট ছেড়ে হিলির ব্যাট দিয়ে ম্যাচে খেলছেন? সেই কারণও জানিয়েছেন স্টার্ক। অজি তারকা ক্রিকেটারের কথায়, 'আসলে মেয়েদের ক্রিকেটে যে ব্যাট ব্যবহার করা হয় তা তুলনামূলক হালকা হয়। যে কারণে হিলির ব্যাটটি আমার পছন্দ হয়।' এরপর স্ত্রীর ব্যাটই স্টার্কের সঙ্গী।
কিন্তু স্ত্রীর থেকে ব্যাটটি চেয়ে নেননি স্টার্ক। বরং হিলির অগোচরেই ব্যাটটি নেন স্টার্ক। ঘরে থাকা কিছু ক্রিকেট কিটের ব্যাগ পরিষ্কার করছিলেন স্টার্ক, সে সময় কোনো একটি সফরে বাইরে ছিলেন তাঁর স্ত্রী হিলি। সেখানেই হিলির ব্যাগে তিনটি ব্যাট খুঁজে পান স্টার্ক, যেগুলোর খবর নাকি হিলি জানতেনও না।

স্টার্ক এরপর হিলিকে ফোন করে বলেন, 'তুমি কি জানো তোমার কিট ব্যাগে তিনটি ব্যাট আছে?' হিলি তা জানতেন না। এরপরই ক্রিকেটার স্ত্রীকে স্টার্ক জানান, 'এখন দুটি ব্যাট আছে তোমার ব্যাগে। আরেকটি আমি নিলাম!' এরপর থেকে যখনই ম্যাচ খেলতে নেমেছেন তখনই স্ত্রী ব্যাট নিয়েই নেমেছেন স্টার্ক।
হিলির ব্যাট ব্যবহার ভালোই কাজে দিয়েছে স্টার্কের। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ৪১ রানের ইনিংস খেলেন স্টার্ক। এরপর বর্তমানে স্টার্ক ও হিলি ব্যস্ত অ্যাশেজে। অজি পুরুষ দলের হয়ে অ্যাশজে খেলছেন মিচেল স্টার্ক। অন্যদিকে মেয়েদের অ্যাসেজে অজি মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন অ্যালিসা হিলি। অজি পুরুষরা অ্যাশেজে এগিয়ে ২-১ ফলে।

এর আগে স্টার্কের ব্যাট নিয়ে ২০১৬-১৭ মরসুমে বিগ ব্যাশে খেলেছিলেন হিলি। ওই ব্যাট দিয়ে ৩৮ বলে ৫৫, ৩১ বলে ৪৬ রানের ইনিংসও খেলেছিলেন।ফলে ব্যাট ভাগাভাগি করেই খেলা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটার দম্পতি। আসলে ক্রিকেটটাই যে তাঁদের সংসার।












Click it and Unblock the Notifications