Virat Kohli: কোহলির অফ-ফর্মের নেপথ্যে রয়েছে মানসিক অস্থিরতা, মন্তব্য পাকিস্তানের সাবেক অধিনায়কের
Virat Kohli: কোহলির অফ-ফর্মের নেপথ্যে রয়েছে মানসিক অস্থিরতা, মন্তব্য পাকিস্তানের সাবেক অধিনায়কের
রোহিত শর্মার অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে গুরুত্বপূর্ণ হতে চলেছে বিরাট কোহলির ভূমিকা। দলের অন্যতম প্রধান ভরসার জায়গা হলেও দীর্ঘ তিন বছর ধরে ভারতের প্রাক্তন অধিনায়কের যে খারাপ সময় যাচ্ছে তাতে এজবাস্টন টেস্টে দলকে কতটা নির্ভরতা তিনি দিতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে।

বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বার শতরান পেয়েছিলেন ২০১৯-এর নভেম্বর মাসে। এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে প্রায় তিন বছর কেন যেতে হচ্ছে কোহলি'কে তা নিয়েই নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক। একটি ইউটিউব চ্যানেলে মিসবা বলেছেন, "মাথার মধ্যে যদি একাধিক চিন্তা থাকে তা হলে মাথা এবং শরীরের তালমিল যেটা আপনাকে খেলতে সাহায্য করে সেটা নষ্ট হয়ে যায়। আপনি যত বড় ক্রিকেটারই হন, এটা আপনার উপর প্রভাব ফেলবেই। অফ স্ট্যাম্পের বাইরের বলকে মারতে যাচ্ছে কোহলি, চতুর্থ বা পঞ্চম স্টাম্পের বলকে খোঁচা মারছে, আমরা খেলার মধ্যে টেকনিক্যাল ফল্ট দেখতে পাচ্ছি। কিন্তু কেন ও এটা করছে?"

তাঁর আরও সংযোজন, "ও আসলে ডমিনেট করার চেষ্টা করছে। বিরাট কোহলির মধ্যে ইগো রয়েছে। 'আমাকে ডমিনেট করতে হবে'- এমন একটা ভাব রয়েছে ওর মধ্যে। এটা করতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হল আপনি অনেক বেশি কিছু ট্রাই করে ফেলছেন। একটা রাস্তাই রয়েছে এই পরিস্থিত থেকে বেরিয়ে আসার জন্য। চাপের পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নাও। আমার ক্ষেত্রে এক বা দু'বার এমনটা হয়েছিল। আমি সেই সময়ে ক্লাব ক্রিকেটে খেলা শুরু করি। কোন মানের বোলারদের আপনি ফেস করছেন সেটা বড় বিষয় নয়, আপনি যদি রান পান তা হলে নিজের আক্মবিশ্বাস এমনিই ফিরে পাবেন।"
রোহিত শর্মা অনুপস্থিতিতে পঞ্চম টেস্টে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। যে কোনও ধরনের ক্রিকেটে অধিনায়ক হিসেহে বুমরাহের এটাই প্রথম ম্যাচ। দলে রয়েছেন বিরাট কোহলি। রোহিতের পরিবর্তন হিসেবে ময়াঙ্ক আগরওয়ালকে ইংল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়া হলেও টেস্ট ম্যাচটিতে সুযোগ দেওয়া হল না।












Click it and Unblock the Notifications