টি ২০ বিশ্বকাপ অভিযান শুরুর আগে ভারতকে খোঁচা ভন-শোয়েবের, পাল্টা দিলেন শেহওয়াগ
টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে বিরাট কোহলির ভারত। তা সত্ত্বেও স্বভাবসিদ্ধভাবেই ভারতের শ্রেষ্ঠত্ব মানতে অস্বীকার করলেন মাইকেল ভন। তিনি ভারতকে টি ২০ বিশ্বকাপে একমাত্র ফেভারিট মানতে নারাজ। অন্যদিকে, রবিবাসরীয় ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে বাকযুদ্ধও শুরু হয়ে গিয়েছে।

কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার জেরে আজও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে আপ-সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন জানিয়েছেন, খেলা বন্ধ হওয়া উচিত নয়। রাজনীতির সঙ্গে খেলাকে মেশানোরও পক্ষপাতী নন তিনি। ফলে রবিবারের ম্যাচ জিতেই ক্রিকেট মাঠে সমুচিত জবাব দিতে তৈরি থাকবে ভারত। এখনও অবধি বিশ্বকাপের আসরে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপে সাতটি ম্যাচের সাতটিতেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। টি ২০ বিশ্বকাপে ৫টি ম্যাচের ৫টিতেই ভারত জিতেছে। ২০০৭ সালে প্রথম সাক্ষাতে ম্যাচ টাই হওয়ার পর বোল আউটে জেতে ভারত। মোট ৮টি টি ২০ আন্তর্জাতিকে ভারতকে মাত্র একবারই হারাতে পেরেছিল পাকিস্তান, সেটাও ২০১২ সালে বেঙ্গালুরুতে। একমাত্র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান পারস্পরিক দ্বৈরথে ভারতের চেয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে।

পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার বলেছেন, এটা আইপিএল নয়, টি ২০ বিশ্বকাপ। এখানে পাকিস্তান যদি ১৮০ বা নিদেনপক্ষে ১৭০ রানও করে তাহলে তা তাড়া করে জেতা ভারতের পক্ষে সহজ কাজ হবে না। পাল্টা দিতে দেরি করেননি বীরেন্দ্র শেহওয়াগ। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, ২০০৩ বা ২০১১ সালের বিশ্বকাপ সব সময়ই ভারত-পাকিস্তান ম্যাচে আমাদের উপর চাপ কম ছিল বিশ্বকাপে আমাদের অবস্থা পাকিস্তানের চেয়ে ভালো থাকায়। সেই আত্মবিশ্বাস যখন থাকে তখন বড় বড় বিবৃতি দেওয়ার প্রয়োজন পড়ে না। সব সময়ই পাকিস্তান বড় বড় বিবৃতি দিয়ে থাকে। এবারও যেমন টি ২০ বিশ্বকাপে চাকা উল্টোদিকে ঘোরানোর দাবি করছে। কিন্তু ভারতীয় দলের এ সবে গুরুত্ব দেওয়ার দরকার নেই। সকলেই ভারতের দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল। পাকিস্তান এখন ৫০ ওভারের ক্রিকেটে সমীহ করার জায়গায় নেই। শুধু টি ২০ ফরম্যাটে ভালো কিছু করতেই পারে। এটা এমন একটা ফরম্যাট যেখানে একাই কেউ কোনও দলকে জিতিয়ে দিতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি, এবারও পাকিস্তান ভারতকে হারাতে পারবে না। সেটা দেখা যাবে ২৪ অক্টোবরই।

এরই মধ্যে, প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হারলেও বিরাট কোহলিদের খোঁচা দেওয়ার বদভ্যাস ছাড়তে পারেননি মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বিরাটদের কাপ জয়ের একমাত্র ফেভারিট হিসেবেও মানছেন না। তিনি বলেছেন, ইংল্যান্ড টি ২০ বিশ্বকাপ জয়ের দাবিদার। বিগত কিছু টুর্নামেন্টের পারফরম্যান্সের পরও কীভাবে ভারতকে ফেভারিট ধরা হচ্ছে তা বোধগম্য হচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বিপজ্জনক হতে পারে। পাকিস্তানের ভালোই সম্ভাবনা আছে। নিউজিল্যান্ডের দলও বেশ ভালো। তবে অস্ট্রেলিয়ার খুব একটা সম্ভাবনা নেই। ফলে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তান টি ২০ বিশ্বকাপ জিততে পারে বলেই ভবিষ্যদ্বাণী ভনের।












Click it and Unblock the Notifications