মাইকেল ক্লার্ক ফের ত্বকের ক্যানসারের কবলে, অস্ত্রোপচারের পর দিলেন বার্তা
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের ফের ক্যানসার ধরা পড়ল। ত্বকের ক্যানসারে আক্রান্ত তিনি। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে এই বার্তাই দিয়েছেন ক্লার্ক। নাকের কাছে যে অস্ত্রোপচার হয়েছে সেটাই বোঝা যাচ্ছে ছবিটি দেখে।

ক্লার্ক লিখেছেন, ত্বকের ক্যানসার বাস্তব ঘটনা। বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ নাকে অস্ত্রোপচার করা হয়েছে। সকলেই নিজেদের ত্বকের পরীক্ষা করাবেন। সতর্কতা অবলম্বন সব সময়েই ভালো। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করানোর ফলেই প্রাথমিক পর্যায়ে তাঁর এবার ক্যানসার ধরা পড়েছে বলেও জানিয়েছেন ক্লার্ক।
যদিও ত্বকের ক্যানসারের সঙ্গে ক্লার্কের লড়াই এই প্রথম নয়। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তেমনই দাবি। জানা যাচ্ছে, ২০০৬ সালে প্রথম ত্বকের ক্যানসার ধরা পড়ে ক্লার্কের। তারপর থেকে আজ অবধি খান বারো ক্যানসারের টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে তাঁর শরীর থেকে। ২০২৩ সালে কপাল ও মুখে এভাবেই অস্ত্রোপচার হয়েছিল ক্লার্কের। গত বছর তাঁর বুকে বাসেল সেল কার্সিনোমার অপারেশন হয়েছিল।
২০২৩ সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হন ক্যানসার সংক্রান্ত সচেতনতা বাড়াতে। তিনি জানিয়েছিলেন, বছরে দু-বার করে তিনি তাঁর ত্বকের পরীক্ষা করান। সমীক্ষায় দেখা গিয়েছে, ত্বকের ক্যানসার অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি। ৭০ বছরের মধ্যে প্রতি তিনজনের মধ্যে দুজন ত্বকের ক্যানসারে কোনও না কোনওভাবে ভোগেন বলে জানা গিয়েছিল সমীক্ষায়।
বেঙ্গল প্রো টি২০ লিগে ধারাভাষ্যকার হিসেবে সম্প্রতি বেশ কয়েক দিন তিনি কাটিয়ে গিয়েছেন কলকাতায়। ২০০৩ থেকে ২০১৫ সালের মধ্যে ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি টেস্ট, ২৪৫টি একদিনের আন্তর্জাতিক ও ৩৪টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। দেশকে ৭৪টি টেস্ট, ১৩৯টি ওডিআইয়ে নেতৃত্ব দেন। ২০১৩-১৪ মরশুমে ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে অ্যাশেজ জিতেছিল। ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপও অজিরা জেতে ক্লার্কের নেতৃত্বেই। ক্লার্কের আরোগ্য কামনার প্রার্থনা করছেন সকলেই।












Click it and Unblock the Notifications