ইরানি কাপে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নেই সরফরাজ, ময়াঙ্কের নেতৃত্বে অবশিষ্ট ভারতীয় একাদশে বাংলার কোন ৪?
গোয়ালিয়রে বুধবার থেকে ইরানি কাপের ম্যাচে মুখোমুখি মধ্যপ্রদেশ ও অবশিষ্ট ভারতীয় একাদশ। বাংলা থেকে সুযোগ পেলেন চারজন ক্রিকেটার।
ইরানি কাপে গোয়ালিয়রে বুধবার থেকে মুখোমুখি হচ্ছে মধ্যপ্রদেশ ও অবশিষ্ট ভারতীয় একাদশ। আজ দুটি দলই ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট ভারতীয় একাদশকে নেতৃত্ব দেবেন ময়াঙ্ক আগরওয়াল। আঙুলের চোটের কারণে খেলতে পারবেন না সরফরাজ খান। ময়াঙ্কের নেতৃত্বাধীন দলে সুযোগ পেয়েছেন বাংলার চার ক্রিকেটার।

অবশিষ্ট ভারতীয় একাদশের নেতৃত্বে ময়াঙ্ক
ময়াঙ্ক আগরওয়াল এখন ভারতীয় দলে সুযোগ না পেলেও সদ্যসমাপ্ত রঞ্জি ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। ৯ ম্যাচে ১৩ ইনিংসে ৯৯০ রান করেছেন। সর্বাধিক ২৪৯, গড় ৮২.৫০। তিনটি শতরান ও ৬টি অর্ধশতরান করেন। আইপিএলে তিনি গত বছর পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। কিন্তু এবার তাঁকে দলে নিলেও অধিনায়ক করেনি সানরাইজার্স হায়দরাবাদ। ইরানি অবশিষ্ট ভারতীয় একাদশকে তিনিই নেতৃত্ব দেবেন।

ব্যাটারদের মধ্যে অভিমন্যু ও সুদীপ পেলেন সুযোগ
বাংলা থেকে চারজন ক্রিকেটার অবশিষ্ট ভারতীয় একাদশ দলে রয়েছেন। রঞ্জিতে এবার সুদীপ ঘরামি তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ ১০ ম্যাচে ৮০৩ রান করেছিলেন। অভিমন্যু ঈশ্বরনকে বাংলাদেশ সফরে ভারতীয় এ দলের অধিনায়ক করা হলেও বাংলা খেলেছে মনোজ তিওয়ারির অধিনায়কত্বে। অভিমন্যু ভারতের টেস্ট দলেও ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি। বাংলার হয়ে রঞ্জিতে ৮ ম্যাচে তিনি ৭৯৮ রান করেন, তিনটি করে শতরান ও হাফ সেঞ্চুরি-সহ। ঈশ্বরনকে অবশিষ্ট ভারতীয় একাদশের অধিনায়ক করা হয়নি। ময়াঙ্কের নেতৃত্বেই খেলবেন। দলে নাম নেই সরফরাজ খানের। তিনি কলকাতায় দিল্লি ক্যাপিটালসের ফিনসেস ক্যাম্পে রয়েছেন। তাঁর আঙুলে চোট থাকায় দিন দশেকের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

মুকেশের সঙ্গে আকাশ দীপও দলে
বাংলার পেসারদের মধ্যে মুকেশ কুমার ও আকাশ দীপ রয়েছেন অবশিষ্ট ভারতীয় একাদশ দলে। মুকেশ কুমার ভারতের সীমিত ওভারের দলে ডাক পেয়েছিলেন। বাংলাদেশেও ভারতীয় এ দলের হয়ে ভালো খেলেছেন। রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র থেকে দুজন সুযোগ পেয়েছেন অবশিষ্ট ভারতীয় একাদশ দলে। তাঁরা হলেন উইকেটকিপার-ওপেনার হার্ভিক দেশাই ও পেসার চেতন সাকারিয়া। তবে উইকেটকিপার হিসেবে উত্তর প্রদেশের উপেন্দ্র যাদবেরই সুযোগ পাওয়ার বেশি সম্ভাবনা। ময়াঙ্ক ও অভিমন্যু ওপেন করবেন।
অবশিষ্ট ভারতীয় একাদশ দল- ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), সুদীপ ঘরামি, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, হার্ভিক দেশাই, মুকেশ কুমার, অতীত শেঠ, চেতন সাকারিয়া, নভদীপ সাইনি, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), ময়াঙ্ক মার্কণ্ডে, সৌরভ কুমার, আকাশ দীপ, বাবা ইন্দ্রজিৎ, পুলকিত নারাং, যশ ঢুল।

মধ্যপ্রদেশ গত বছরের রঞ্জি চ্যাম্পিয়ন
মধ্যপ্রদেশ গত বছরের রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইরানি কাপ খেলছে। আদিত্য শ্রীবাস্তবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন হিমাংশু মন্ত্রী। গত বছরের জুনে রঞ্জিজয়ী দলের অনেকেই ইরানি কাপ খেলবেন। রজত পাটীদার, ভেঙ্কটেশ আইয়ার, আবেশ খানরা রয়েছেন। এবার মধ্যপ্রদেশকে হারিয়ে রঞ্জি ফাইনালে গিয়েছিল বাংলা। যদিও ইডেনে সৌরাষ্ট্রর কাছে হেরে যায়।
মধ্যপ্রদেশ দল- হিমাংশু মন্ত্রী (অধিনায়ক ও উইকেটকিপার), রজত পাটীদার, যশ দুবে, হর্ষ গাউলি, শুভম শর্মা, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষত রঘুবংশী, আমন সোলাঙ্কি, কুমার কার্তিকেয়, সারাংশ জৈন, আবেশ খান, অঙ্কিত কুশওয়াহ, গৌরব যাদব, অনুভব আগরওয়াল, মিহির হিরওয়ানি।












Click it and Unblock the Notifications