মুম্বইয়ে ময়াঙ্ক আগরওয়ালের সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের স্বপ্ন দেখাচ্ছে ভারতকে
মুম্বই টেস্টে প্রথম একাদশে তাঁর থাকা নিয়ে জল্পনা চলছিল। লোকেশ রাহুল ও রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে না খেলায় ময়াঙ্ক চলতি সিরিজে নিজেকে প্রমাণ করার আরও একটু সুযোগ পান। আজ তার পূর্ণ সদ্ব্যবহার করে টেস্টে চতুর্থ শতরান হাঁকালেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ময়াঙ্কের প্রথম টেস্ট সেঞ্চুরি ভারতকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ময়াঙ্ক আগরওয়াল ও শুভমান গিলের ওপেনিং জুটিতে ওঠে ৮০। এরপর ৮০ রানের মাথাতেই আউট হন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। কিন্তু উইকেটের অপর প্রান্তে অবিচল ছিলেন ময়াঙ্ক। বড় ইনিংস খেলতে না পারলে মুম্বই টেস্টের পর বাদ পড়ার আশঙ্কাই ছিল। শতরানের সেলিব্রেশনে সেই চাপ কাটানোরই তৃপ্তিদায়ক বহিঃপ্রকাশের দেখা মিলল।
📸📸@mayankcricket 👌👌#INDvNZ @Paytm pic.twitter.com/nqSu26V5VH
— BCCI (@BCCI) December 3, 2021
আজ বেলা ১২টায় শুরু হয়েছিল প্রথম দিনের খেলা। বৃষ্টিতে আউটফিল্ড ভিজে থাকাতেই এই দেরি। বেলা ২টো ৪০ মিনিট অবধি ৩৭ ওভারে ৩ উইকেটে ১১১ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল ভারত। তার কিছু আগেই অর্ধশতরান পূর্ণ করেন ময়াঙ্ক ১১৯ বল খেলে। তখনও অবধি ৬টি চার ও ২টি ছয় মেরেছিলেন। চা বিরতিতে ময়াঙ্ক অপরাজিত ছিলেন ৫২ রানে।

টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরানটি এল ১৯৬ বলে, ১৩টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। ২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে করেছিলেন ৩৭১ বলে ২১৫। এরপর পুনে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে করেন ১৯৫ বলে ১০৮। ওই বছরের নভেম্বরে ইন্দোরে তিনি বাংলাদেশের বিরুদ্ধে খেলেন ৩৩০ বলে ২৪৩ রানের ইনিংস। তারপর ফের শতরান পেলেন এদিন। কানপুর টেস্টের দুই ইনিংসে ১৩ ও ১৭ রানে আউট হওয়ায় চাপে পড়েছিলেন। যা কেটে গেল কিউয়িদের বিরুদ্ধে অনবদ্য শতরানে।
That moment when @mayankcricket got to his 4th Test Century 👏👏
— BCCI (@BCCI) December 3, 2021
Live - https://t.co/KYV5Z1jAEM #INDvNZ @Paytm pic.twitter.com/GFXapG6GQo
৮০ রানে ৩ উইকেট পড়ার পর ময়াঙ্ক ও শ্রেয়স আইয়ারের চতুর্থ উইকেট জুটিতে ওঠে ৮০ রান। তিনটি চারের সাহায্যে ৪১ বলে ১৮ রান করে আজাজ প্যাটেলের চতুর্থ শিকার হন শ্রেয়স। ছয় নম্বরে ব্যাট করতে নামানো হয়েছে ঋদ্ধিমান সাহাকে। তিনিও আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাটিং করছেন। ইতিমধ্যেই অবিচ্ছেদ্য পঞ্চম উইকেট জুটিতে ঋদ্ধি ও ময়াঙ্ক যোগ করেছেন ৬১ রান। চা বিরতির পর ৩৩ ওভার খেলা হয়েছে।
প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৭০ ওভারে চার উইকেটে ২২১। ১৪টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৪৬ বলে ১২০ রানে অপরাজিত আছেন ময়াঙ্ক। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৩ বলে ২৫ রান করে অপরাজিত ঋদ্ধিমান। ১০টি মেডেন-সহ ২৯ ওভারে ৭৩ রান দিয়ে চার উইকেটই নিয়েছেন মুম্বই-জাত আজাজ প্যাচেল। উইলিয়াম সমারভিলের ইকনমি ৫.৭৫। কাইল জেমিসন ৯ ওভারে ৩০ ও রাচিন রবীন্দ্র ৪ ওভারে ২০ রান খরচ করে কোনও উইকেট দখল করতে পারেননি।












Click it and Unblock the Notifications