দক্ষিণী ডার্বিতে মুখোমুখি চেন্নাই-ব্যাঙ্গালোর, জেনে নিন কেমন তৈরি দুই দল
শনিবার আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে আরসিবি জয় পেলেও হারতে হয়েছে চেন্নাইকে। ফলে দু'টি দলই এদিনের ম্যাচ থেকে জয় তুলে নিতে চাইবে।
শনিবার ক্রিকেট প্রেমীদের জন্য জোড়া এন্টারটেনমেন্ট প্যাকেজ নিয়ে উপস্থিত আইপিএল। উইকএন্ডের প্রথম ম্যাচে দক্ষিণের ডার্বিতে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে, দুই দলের লড়াই হলেও এই ম্যাচকে অন্য মাত্রা দিচ্ছে দুই যুযুধান অধিনায়কের মস্তিস্কের লড়াই। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে বড় হারের মুখ দেখতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে। ছয় উইকেটে ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে দেয় কলকাতা। এই হারের ফলে চলতি আপিএলে তিন নম্বর হারের মুখ দেখে সিএসকে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ন'টি ম্যাচ খেলেছে সিএসকে। ন'টি ম্যাচ থেকে জয় ছ'টি ম্যাচে। মোট ১২ পয়েন্ট এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিএসকে।

দ্বিতীয় স্থানে থাকলেও বিগত কয়েকটি ম্যাচে যে ভাবে চেন্নাইয়ের বোলাররা বোলিং করেছেন তাতে কপালে ভাঁজ আসতে বাধ্য চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও এমএসডি এর চিন্তার অন্যতম কারণ। চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্যাচের দল থেকে এই ম্যাচে একটি পরিবর্তন আনতে পারেন 'ক্যাপ্টেন কুল'। কেকেআর-এর বিরুদ্ধে সুযোগ পাওয়া ফাফ ডু'প্লেসির পরিবর্তে দলে ফিরতে পারেন স্যাম বিলিংস। এই একটি পরিবর্তন ছাড়া গোটা দলই অপরিবর্তিত থাকার সম্ভবনাই বেশি।

অন্য দিকে, গত ম্যাচে জয়ের ফেরা আরসিবি শিবিরও তৈরি চেন্নাইয়ের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে আরসিবি। যার মধ্যে জয় মাত্র তিনটি ম্যাচে এবং হার পাঁচটি ম্যাচে। ৮ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে বিরাট কোহলির দল। শেষ থকে চারটি দলই এখন ছয় পয়েন্ট দাঁড়িয়ে। ফলে চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াইটা আরও কঠিন বিরাটের দলের জন্য। এখান থেকে একটা ম্যাচে হার মানে প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়া। প্রথম চারে শেষ করার জন্য পর পর চারটি দল নিশ্বাস ফেলছে একে অন্যের ঘাড়ে। ফলে যে কোনও মূল্যেই এই ম্যাচ থেকে জয় চাই আরসিবির।

এত কিছুর মধ্যেও আরসিবিকে স্বস্তিতে রাখছেন এবি ডিভিলিয়ার্স। চোট কাটিয়ে এখন মাঠে নামার মতো সুস্থ এবিডি। কুইন্টন ডি ককের পরিবর্তে দলে ঢুকতে চলেছেন তিনি। বিয়ের জন্য দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন ডি কক। সেক্ষেত্রে ফের এক বার পুরনো দায়িত্ব পালন করতে হতে পারে এবি ডিভিলিয়ার্স বা ব্র্যান্ডান ম্যাকালামের মধ্যে কাউকে। দীর্ঘ দিন পর ক্রিকেট প্রেমীরা গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখতে পারেন এবিডি বা ম্যাকালামকে।

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২০ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ১৩ বার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতেছে ৭ বার।












Click it and Unblock the Notifications