কোন মাস্টারস্ট্রোকে আরসিবিকে ল্যাজেগোবরে করল কেকেআর
ইডেন ম্যাচে কয়েকটি মাস্টারস্ট্রোকই কেকেআরকে কয়েক কদম এগিয়ে দিল। যার ফলে শেষ জয় এল কলকাতার ঘরে।
আইপিএলের তিন নম্বর ম্যাচে ঘরের মাঠ ইডেনে প্রথমবার খেলতে নেমে সমর্থকদের প্রবলভাবে উজ্জীবিত করে গেল নতুনরূপে ধরা দেওয়া কেকেআর। নতুন অধিনায়ক, নতুন দল। তা সত্ত্বেও জেতার মেজাজটা একইরকম রইল। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে অবলীলায় হারিয়ে আইপিএল অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। ইডেন ম্যাচে কয়েকটি মাস্টারস্ট্রোকই কেকেআরকে কয়েক কদম এগিয়ে দিল। যার ফলে শেষে জয় এল কলকাতার ঘরেই।

স্পিন আক্রমণ
প্রথমে বল করতে নেমে ইডেনের পিচে প্রথম থেকেই স্পিন আক্রমণ একদিক থেকে ধরে রেখেছিলেন দীনেশ কার্তিক। পীযূষ চাওলাকে দিয়ে শুরু করে করার পরে কুলদীপ যাদব ও সুনীল নারিনরা চেপে রেখেছিলেন আরসিবিকে। একেবারে কৃপণ বোলিং স্পিনাররা না করলেও স্পিন বোলাররা সমানে উইকেট নেওয়ার জন্য আক্রমণ করে গিয়েছেন। যার ফলে নিয়মিত ব্যবধানে আরসিবি উইকেট হারিয়েছে।

টসে জয় ও আক্রমণাত্মক অধিনায়কত্ব
ইডেনে কেকেআর অধিনায়ক হিসাবে নেমে প্রথম ম্য়াচেই টসে জয়। ফিল্ডিং নেওয়া ছাড়া আর কি বা করতেন কার্তিক। স্পিনাররা মার খাচ্ছেন দেখেও এক প্রান্ত থেকে চাওলা, যাদবদের দিয়ে আক্রমণ করিয়ে দিয়েছেন দীনেশ। যার ফলও হাতেনাতে মিলেছে।

নীতীশ রানা
ম্যাচের ১৫তম ওভারে কোহলি ও ডিভিলিয়ার্সকে আউট করেন নীতীশ রানা। হঠাৎ করে নীতীশের হাতে বল তুলে দেন কার্তিক। ক্রিজে তখন আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যানদের মধ্যে দুজন ব্যাট করছেন। আর সেই কোহলি ও ডিভিলিয়ার্সকেই তুলে নেন নীতীশ। সেখানেই খেটে যায় কার্তিকের স্ট্র্যাটেজি।

সুনীল নারিন
আগের বারে যেখানে শেষ করেছিলেন, ব্যাট হাতে এবারও সেখান থেকেই শুরু করলেন সুনীল নারিন। প্রথম দুই বলে ছয়-চার মেরে শুরু। আর মুহূর্তে মাত্র ১৭ বলে ৫০ রানে পৌঁছে গেলেন নারিন। ওয়েস্ট ইন্ডিয়ান তারকার ব্যাটের জাদুতে প্রথম পাঁচ ওভারে ওঠে ৬৫ রান। সেখানেই ম্যাচ প্রায় পকেটে চলে আসে কলকাতার।












Click it and Unblock the Notifications