Bangladesh Situation: মাশরাফির বাড়িতে আগুন, পুড়ল শাকিবের পার্টি অফিস, বিক্ষোভকারীদের তোপে ক্রিকেটার-সাংসদরা
Bangladesh Situation: বাংলাদেশ উত্তাল। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোনকে নিয়ে চলে এসেছেন ভারতে।
তবে তাঁর আওয়ামি লিগের মন্ত্রী, সাংসদ থেকে দলীয় কর্মীদের পড়তে হয়েছে বিক্ষোভকারীদের রোষের মুখে। বাদ গেলেন না ক্রিকেটার-সাংসদরাও।

বাংলাদেশ ক্রিকেটের দুই রোল মডেল মাশরাফি বিন মোর্ত্তজা ও শাকিব আল হাসান। মাশরাফি আগে মন্ত্রীও হয়েছিলেন। বাংলাদেশে সর্বশেষ নির্বাচনে মাশরাফির সঙ্গে সাংসদ হন বাংলাদেশ ক্রিকেট দলের আরেক তারকা শাকিব আল হাসান।
যদিও বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরও বিক্ষোভকারীদের অশান্তি চালানোয় রাশ টানা যায়নি। অন্তর্বর্তী সরকার গঠনের আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান। কিন্তু তারপরেও দেশের নানা জায়গায় রোষের মুখে আওয়ামি লিগ।
বাংলাদেশের সংবাদমাধ্যমের থেকে জানা গিয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ তথা নড়াইল-২-এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার বাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। আগুন নেভাতে দমকলকেও যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
জানা গিয়েছে, নড়াইলে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর জানতে পেরেই বিজয়োল্লাসে মাতেন সেখানকার মানুষ। শহরের চৌরাস্তায় চলে বিজয় উৎসব। মহিষখোলায় মাশরাফির বাড়িতে হামলা ও ভাঙচুর চলে, আগুন ধরিয়ে দেওয়া হয়। মাশরাফির বাড়ির পাশে থাকা নড়াইল জেলা আওয়ামি লিগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বসুর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ চলে।
বাংলাদেশের সংবাদমাধ্যমকে মাশরাফির ছোট ভাই মোরসালিন মোর্ত্তজা বলেন, কথা বলার অবস্থায় নেই। কিছুই ভালো নেই। শুধু মাশরাফিই নন, শাকিবের উপর রোষও চরমে। শাকিব মাগুরা-১-এর সাংসদ। তাঁর কেশব মোড় এলাকার বাড়িতে কিছু না করা হলেও শাকিবের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান (পাপন)-এর ভৈরবের বাসভবনেও হামলা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নাজমুল হাসান পৌরপার্কে।












Click it and Unblock the Notifications